US Open 2024: ইউএস ওপেনে দুই বিভাগের প্রি-কোয়ার্টারে বোপান্না, অন্যান্য ভারতীয়দের পারফরম্যান্স কেমন?
US Open 2024: ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না। ফলে ৪৪ বছরের এই ভারতীয় খেতাব জয়ের আশা জিইয়ে রাখলেন।
পুরুষদের ডাবলস থেকে এন শ্রীরাম বালাজি ছিটকে গেলেন। যদিও দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন ইউকি ভামব্রি।

বোপান্না মিক্সড ডাবলসে জুটি বেঁধেছেন ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে। প্রথম রাউন্ডের ম্যাচে বোপান্না ও আলদিলা হারালেন ডেমি স্কয়ার্স ও টিম পুটিজ জুটিকে। খেলার ফল ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৫) ব্যবধানে। আজ রাত সাড়ে ১২টা নাগাদ প্রি-কোয়ার্টারে অষ্টম বাছাই বোপান্নাদের সামনে জন পিয়ার্স ও কাতেরিনা সিনিয়াকোভা জুটি।
মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডের দুটি সেটই টাইব্রেকারে গড়ায়। যদিও ডাবলসে সহজ জয়ই ছিনিয়ে নিয়েছেন বোপান্না ও তাঁর পার্টনার ম্যাথু এবডেন। তাঁদের প্রতিপক্ষ ছিল রবার্তো কারাবালে বায়েনা ও ফেদেরিকো কোরিয়ার জুটি। দ্বিতীয় বাছাই বোপান্না-এবডেন জুটির জয় এলো ৬-২, ৬-৪ সেটে। স্প্যানিশ-আর্জেন্তিনীয় জুটিকে হারানোর পর প্রি-কোয়ার্টারে তাঁদের সামনে আর্জেন্তিনার ম্যাক্সিমো গঞ্জালেজ-আন্দ্রে মোলতেনি জুটি।
ফ্লাশিং মেডোয় পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠলেন ইউকি ভামব্রি। তিনি জুটি বেঁধেছেন আলবানো ওলিভেট্টির সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে ভামব্রি-ওলিভেট্টি হারালেন অস্টিন ক্রাজিসেক ও জিন-জুলিয়েন রজার জুটিকে। খেলার ফল ৪-৬, ৬-৩, ৭-৫।
ডাবলসে অভিযান শেষ হয়ে গেল এন শ্রীরাম বালাজির। বালাজি জুটি বেঁধেছিলেন আর্জেন্তিনার গুইডো আন্দ্রেওজির সঙ্গে। তাঁরা দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন মাইকেল ভেনাস-নিয়াল স্কপস্কি জুটির কাছে। খেলার ফল ৬-৭ (৪-৭), ৪-৬।












Click it and Unblock the Notifications