হাওড়া পুরসভা ভোট ডিসেম্বরের মধ্যেই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া ও বালি পুরসভায় চলতি বছরেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যেই এই ভোট সম্পন্ন হবে। ২০১৮ সাল থেকে প্রশাসক মণ্ডলী দিয়ে পুরসভা চলছিল, এবার সেই পর্বের ইতি ঘটছে।
হাওড়া পুরসভার শেষ নির্বাচন হয় ২০১৩ সালে, আর পুরবোর্ডের মেয়াদ শেষ হয় ২০১৮-য়। এরপর থেকে আর ভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হয় এবং দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসে। মুখ্যমন্ত্রী তাই সুষ্ঠু পরিষেবার জন্য ভোটের ওপর জোর দিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেন, "আমরা রাজনৈতিক দল। গণতন্ত্রে বিশ্বাস করি। মনে করি পুরসভায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না।" তিনি আরও জানান, ওয়ার্ডের ডিলিমিটেশন প্রক্রিয়াও শুরু হয়েছে।
হাওড়া পুরনিগমের দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, হাওড়া পুরসভায় ১৭০০ অস্থায়ী কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ৫০০ জন কোনও কাজ না করে বেতন নেন। সেই তদন্তও হবে।
বেআইনি নির্মাণ, জলাশয় ভরাটসহ সব দুর্নীতির তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসব অভিযোগের তদন্ত পরিচালনার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications