পুষ্পার পর এবার পবিত্র! অভিষেকের একের পর এক বিশ্বস্ত সেনানী পিঠটান দিচ্ছেন
ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসের রাশ আলগাই হয়ে চলেছে। দলের এক শ্রেণির নেতারা গ্রেফতার হচ্ছেন বা হওয়ার দোরগোড়ায় রয়েছেন। আর একদল ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরেই যেন হাহাকার পড়ে গিয়েছে।
ফলতার 'পুষ্পা’ জাহাঙ্গীরের ভোটের ময়দান ছেড়ে পালানোর পর এবার নন্দীগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর দল থেকেই বিদায় নেওয়ার পথে। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে তিনি এবং তাঁর স্ত্রী শিউলি কর ইস্তফা দিয়েছেন। পবিত্র কর নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও পবিত্র কর নিজের পূর্বের বিজেপি সদস্যপদ ত্যাগ করেননি। দল অবশ্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে তাঁকেই ভোটের ময়দানে নামিয়েছিল।
নন্দীগ্রামে শোচনীয় হারের পর এবার পঞ্চায়েতের এই পদ ছাড়তে বাধ্য হলেন পবিত্র। তিনি একা নন, একই গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর বুথ থেকে বিজেপির সদস্য তাঁর স্ত্রী শিউলি করও সদস্যপদ ত্যাগের আবেদন জানিয়েছেন।
শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে দুজনেই বয়াল-১ নং অঞ্চলের প্রধানের কাছে পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফার আবেদন জমা দিয়েছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পবিত্র কর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। তবে ২০২৬ সালের নির্বাচনের আগে পবিত্র সকলকে চমকে তৃণমূলে যোগদান করেন। বুকে জড়িয়ে অভিষেক যোগদান করান পবিত্রকে। তবে মান রাখতে পারেননি পবিত্র।












Click it and Unblock the Notifications