Rohan Bopanna: অলিম্পিক্স থেকে অপ্রত্যাশিত বিদায়! রোহন বোপান্না আর দেশের হয়ে কোর্টে নামবেন না
Rohan Bopanna: অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থাকল। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই অবসর ঘোষণা রোহন বোপান্নার।
বছর চুয়াল্লিশের বোপান্না অলিম্পিক্সে জুটি বেঁধেছিলেন এন শ্রীরাম বালাজির সঙ্গে। স্পষ্ট জানিয়ে দিলেন, অনুরোধ এলেও এশিয়ান গেমস-সহ দেশের হয়ে আর কোনও টুর্নামেন্টেই কোর্টে নামবেন না তিনি।

অলিম্পিক্সে প্রতিকূল আবহাওয়ার কারণে বোপান্নাদের ম্যাচ নির্ধারিত সময়ে হয়নি। পিছিয়ে গিয়েছিল সূচি। ফ্রান্সের গেল মনফিলস ও এডুয়ার্ড রজার-ভাসেলিনের কাছে বোপান্না-বালাজি জুটি পরাস্ত হয় ৫-৭, ২-৬ সেটে। এই পরাজয়েই অলিম্পিক্সে ভারতের টেনিস অভিযান শেষ হয়ে যায়।
জাপানে হবে পরবর্তী এশিয়ান গেমস। বোপান্না জানিয়ে দিয়েছেন, তাতেও তিনি খেলবেন না। দেশের হয়ে শেষ ম্যাচ প্যারিসেই খেলে ফেললেন। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে পদক হাতছাড়া হয়েছিল বোপান্নার। সেবার ভারতীয় জুটি পেয়েছিল চতুর্থ স্থান।
এবারের অলিম্পিক্সের আগে পদক জেতার বিষয়ে বোপান্না আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ফরাসি জুটির সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বোপান্নারা। প্রথম সেটে তবু যেটুকু লড়াই হয়েছে, কিন্তু দ্বিতীয় সেটটি পুরোপুরি একপেশেভাবে জেতে ফরাসি জুটি।
২২ বছর বয়সে দেশের হয়ে প্রথম খেলেছিলেন। ফলে ২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা টানলেন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি গর্বিত বলে জানিয়েছেন। বোপান্না বলেন, দেশের হয়ে শেষ প্রতিযোগিতা খেললাম। আমি এখন কোথায় দাঁড়িয়ে সেটা পুরোপুরিভাবে উপলব্ধি করছি।
যদিও দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেও টেনিস সার্কিটে যতদিন খেলা উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যাবেন বলেও জানালেন বোপান্না। তাঁর কথায়, কখনও ভাবিনি দেশের হয়ে দুই দশক খেলতে পারব। ফলে এখন সবটাই আমার কাছে বোনাস। ২০০২ সালে প্রথম দেশের হয়ে খেলেছিলাম। ২২ বছর ধরে খেলে আমি অত্যন্ত গর্বিত।
উল্লেখ্য, বোপান্না ২০১৭ সালে গ্যাব্রিয়েলা ডাবরোস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনে মিক্সড ডাবলস খেতাব জেতেন। ম্যাথু এবডেনকে সঙ্গী করে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন, সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েন। সবচেয়ে বেশি বয়সের প্লেয়ার হিসেবে বিশ্বের ১ নম্বর হওয়ার নজিরও বোপান্নার দখলে। গত এপ্রিলে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবার প্রবলভাবে চেয়েছিলেন অলিম্পিক্সের পদক ট্রফি ক্যাবিনেটে রাখতে। কিন্তু প্রথম রাউন্ডেই সেই স্বপ্ন চুরমার।












Click it and Unblock the Notifications