Novak Djokovic: টেনিসের শীর্ষস্থানে জকোভিচ, প্রথম একশোতেও নেই নাদাল
ফরাসি ওপেন জিতেই টেনিসের সিংহাসন পুনরুদ্ধার নোভাক জকোভিচের। এটিপি ক্রম তালিকায় এক নম্বরে ফিরে এলেন সার্বিয়ান তারকা। সদ্য প্রকাশিত নতুন তালিকায় ১ নম্বরে রয়েছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। এর আগে ৩৮৭ সপ্তাহ পুরুষদের শীর্ষ টেনিস খেলোয়াড় ছিলেন তিনি। অন্যদিকে প্রথম একশোতেও জায়গা ধরে রাখতে পারলেন না রাফায়েল নাদাল।
ফরাসি ওপেনের পরই এটিপি ক্রমতালিকায় ব্যাপক পরিবর্তন হল। পুনরায় শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম একশোতেও নেই স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল! চোটের কারণে চলতি বছরের জানুয়ারি মাস থেকে টেনিস কোর্টের বাইরে নাদাল।

করোনার ভ্যাকসিন না নেওয়ার কারণে আমেরিকাতে বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলতে পারেননি নোভাক জকোভিচ। সেই কারণে এক নম্বর থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ায় গিয়েও দেশে ফিরতে হয়েছিল। একই কারণে ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি।

এটিপি ক্রমতালিকায় এতদিন শীর্ষস্থানে ছিলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। গত বছর যুক্তরাষ্ট্র ওপেন জয়ের পরই শীর্ষস্থান দখল করেছিলেন। কিন্তু ফরাসি ওপেনের সেমিফাইনালে স্প্যানিশ তারকাকে হারিয়ে দেন জকোভিচ।
এরপর রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫। দুরন্ত এই পারফরম্যান্সের পরেই ১ নম্বর জায়গা পুনরুদ্ধার করলেন সার্বিয়ান টেনিস তারকা।

মহিলাদের সিঙ্গলস ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন ফরাসি ওপেন জয়ী ইগা সিয়নটেক। ২০২২ সালের এপ্রিল মাস থেকে ১ নম্বরে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications