নোভাক জকোভিচ আদালতের লড়াই জিতে মগ্ন অনুশীলনে, বিশ্বের ১ নম্বর তারকার মায়ের প্রতিক্রিয়া কী?
করোনা ভ্যাকসিন নেননি। সে কারণে অস্ট্রেলিয়ায় প্রবেশের আগেই বাধা দেওয়া হয় বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে। সরকার তাঁর ভিসা বাতিল করে একটি হোটেলে ইমিগ্রেশন ডিটেনশনে রাখা। আদালতের রায়ে জয়লাভের পর সেই বন্দিদশা থেকে মুক্ত জকোভিচ নেমে পড়লেন রড লেভার অ্যারেনায়। জানিয়ে দিলেন, তাঁর ফোকাস অস্ট্রেলিয়ান ওপেনে খেলা। তবে আদালতের রায় পক্ষে গেলেও এখনও পরিস্থিতি জকোভিচের অনুকূলে পুরোটা আসেনি।

বল সরকারের কোর্টে
জকোভিচ আইনি লড়াইয়ে জয় পেলেও অস্ট্রেলীয় ওপেনে তাঁর অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টারের সিদ্ধান্তের উপরই। কেন না, আদালতের রায় জকোভিচের পক্ষে গেলেও অস্ট্রেলিয়ার সরকারের জকোভিচের ভিসা বাতিলের ক্ষমতা রয়েছে বলে জানা যাচ্ছে। সার্বিয়ার সংসদের স্পিকার ইভিকা ড্যাসিকের দাবি, জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে শুধু বের করে দেওয়া নয়, তিন বছর অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়ার সরকারের আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছেন, ইমিগ্রেশন মিনিস্টারের ফের জকোভিচের ভিসা বাতিলের অধিকার রয়েছে।

জোকারের মুক্তি
চার দিন একটি হোটেলে রাখা হয়েছিল জকোভিচকে। তিনি আইনজীবীদের মারফত ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্টের বিচারককে জানান, গত মাসে করোনা আক্রান্ত হওয়ায় তিনি ভিসা নিতে পারেননি। সে কারণে তাঁর পক্ষে ভ্যাকসিন নেওয়া সম্ভব হয়নি। এই জন্যই বিশেষ ছাড়ের আবেদন তিনি করেন বলে জানান জোকার। ভার্চুয়াল শুনানি শেষে বিচারক অ্যান্টনি কেলি জানিয়ে দেন, অবিলম্বে জকোভিচকে মুক্ত করে দেওয়া হোক। তিনি মেলবোর্নে থাকতে পারবেন। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স তাঁর যে ভিসা ও অন্যান্য নথিপত্র আটকে রেখেছিল তা ফেরত দিতে হবে। অস্ট্রেলিয়ান ওপেনে ৯ বারের খেতাবজয়ী জকোভিচ এবারও যাতে গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারেন তা নিশ্চিত করতেই এই রায় দেন বিচারক।
|
অনুশীলনে জকোভিচ
এরপরই জকোভিচ রড লেভার অ্যারেনায় অনুশীলনে নেমে পড়েন। বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, যা কিছু হয়েছে তা ভুলে আপাতত অস্ট্রেলিয়ান ওপেনেই ফোকাস স্থির রাখছি। এই টুর্নামেন্ট খেলতেই তাঁর যে মেলবোর্নে পৌঁছানো এবং দর্শকদের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টটি খেলতে তিনি যে মুখিয়ে রয়েছেন সে কথা জানাতেও ভোলেননি জকোভিচ। জকোভিচকে যে হোটেলে রাখা হয়েছিল তাঁর মুক্তিতে সেখানে অনেক ভক্ত উপস্থিত হয়েছিলেন। আদালতের রায়ের পর তাঁর পাশে থাকার জন্য ফ্যানেদের ধন্যবাদ জানান জকোভিচ।

খুশি পরিবার ও নাদাল
জকোভিচের পরিবারও এই আইনি যুদ্ধ জয়ে খুশি। বিশ্বের ১ নম্বর টেনিস তারকার বাবা ও মা বলেছেন, সত্যের জয় হলো, ন্যায়বিচার মিলল। জকোভিচের মায়ের কথায় এই জয় নোভাকের কেরিয়ারে সবচেয়ে বড় জয়। সব কটি গ্র্যান্ড স্ল্যামের চেয়েও বড়। নোভাক জকোভিচের বিষয়টি খতিয়ে দেখছেন ইমিগ্রেশন মিনিস্টার। তবে রাফায়েল নাদালও বলেছেন, আদালতের রায়ের পর জকোভিচকে অস্ট্রেলীয় ওপেন খেলতে দেওয়া হোক। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে নোভাকের পদক্ষেপকে সমর্থন করছেন না নাদাল।
(ছবি- নোভাক জকোভিচের টুইটার)












Click it and Unblock the Notifications