Australian Open 2024: বোপান্নার কীর্তিতে মেলবোর্ন মুখরিত ভারত মাতা কি জয় ধ্বনিতে! বন্ধু সানিয়ার কোন বার্তা?
Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে দখলে নিয়েছেন রোহন বোপান্না। এই প্রথম পুরুষদের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন তিনি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় এক অনন্য কীর্তি গড়লেন ভারতের এই টেনিস তারকা। এর আগে ওপেন এরায় ৪৩ বছর বয়সে কারও গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার নজির নেই।

খেতাব জয়ের পর বোপান্না ও এবডেন যখন কোর্টে নামেন তখন রড লেভার অ্যারেনা মুখরিত হলো ভারত মাতা কি জয় ধ্বনিতে। যা নজিরবিহীন। তৃতীয় ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জয়ের কীর্তি গড়লেন বোপান্না। বোপান্না-এবডেন জুটি হারাল ৭-৬ (০), ৭-৫ সেটে।
ইতালির সিমোন বোলেল্লি ও আন্দ্রে ভাভাসরি জুটির বিরুদ্ধে লড়াই হলো বেশ জমজমাট। প্রথম সেটে কোনও জুটিই প্রতিপক্ষের সার্ভ ব্রেক করতে পারেনি। টাইব্রেকারে জেতেন বোপান্নারা। দ্বিতীয় সেটও একটা সময় অবধি ৫-৫ ছিল। বোপান্নারা প্রতিপক্ষের সার্ভ ব্রেক করতেই বাজিমাত। বোপান্নাদের সার্ভ ব্রেক করতে ব্যর্থ হয় ইতালীয় জুটি।
২০১৩ ও ২০২৩ সালে ইউএস ওপেনে ডাবলস ফাইনালে উঠেও খেতাব অধরা থেকে গিয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে ফাইনালে উঠেও খেতাব অধরাই থেকে গিয়েছিল। ২০১৭ সালে বোপান্না ফরাসি ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন। এবার তাঁর ট্রফি ক্যাবিনিটে থাকবে অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস খেতাব।
বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস সেমিফাইনালে বোপান্না-এবডেন জুটি জিতেছিল চিনের ঝাং ঝিঝেন ও চেক প্রজাতন্ত্রের থমাস ম্যাকহ্যাকের জুটির বিরুদ্ধে। খেলার ফল ছিল ৬-৩, ৩-৬, ৭-৬ (১০-৭)। তার আগে কোয়ার্টার ফাইনাল জেতার সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে বেশি বয়সের প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলসে বিশ্বের ১ নম্বর হন বোপান্না।
পুরুষদের ডাবলসে লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি বিশ্বের ১ নম্বর হয়েছিলেন। মহিলাদের ডাবলসে সানিয়া মির্জাও বিশ্বের ১ নম্বর প্লেয়ারের আসনের দখল নিয়েছিলেন। চতুর্থ ভারতীয় হিসেবে বোপান্না বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার হয়েছেন। তাঁর এই সাফল্যে গর্বিত সানিয়া মির্জা।
সানিয়ার কথায়, গত সপ্তাহের শুরুতেই বোপান্নার বিশ্বের ১ নম্বর হওয়া ও অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছিল। দুটোই বোপান্না সুনিশ্চিত করেছেন। এই সাফল্য দেখে ভাষা হারিয়েছি। ভারতীয় হিসেবে এর চেয়ে বেশি গর্বের কিছু হয় না। বন্ধু হিসেবে তো বটেই।












Click it and Unblock the Notifications