World Tribal Day 2024: বাড়ির বউ টোটো চালাবে...! 'গৃহলক্ষ্মী' অলকার রোজগারেই অন্ন জোটে সংসারে
World Tribal Day 2024: 'এসো মা লক্ষ্মী, বস ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে', এই আহ্বানের পরেও 'ঘর আলো' করে বসার সৌভাগ্য বা সুযোগ কোনটাই হয়নি রানীবাঁধের পুনশা গ্রামের 'গৃহলক্ষ্মী' অলকা মুর্মু'র। তবে তিনি নিজের ইচ্ছা শক্তির জোরে 'ঘর আলো' করেছেন', আর তার জন্য তাঁকে নামতে হয়েছে রাজপথে, ধরতে হয়েছে টোটোর হ্যান্ডেল।
আর এখন বাঁকুড়ার জঙ্গল মহলের প্রথম আদিবাসী (World Tribal Day 2024) টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি তাঁর। কিন্তু শুরুটা মোটেই সুখের ছিলনা অলকার, বাড়ির বৌ টোটো চালাবে, একথা শুনেই নাক সিটকেছিল অনেকেই। আবার কেউ কেউ আড়ালে-আবডালে অনেক অনেক অ-কথা, কু-কথাও শুনিয়েছে।

কিন্তু কোন কিছুকেই পাত্তা দেননি জঙ্গল মহলের এই আদিবাসী কন্যা (World Tribal Day 2024) । কারণ, বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশুনার খরচ বাড়ছে , পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করেন অলকার স্বামী, ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়ছিল।
এই অবস্থায় বছর দেড়েক আগে সংসারের হাল ধরতে সব বাধা কাটিয়ে 'গৃহলক্ষ্মী' অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে। মাত্র ক্লাস সেভেন পর্যন্ত পড়াশুনা করার সুযোগ পাওয়া মধ্য তিরিশের অলকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল, অন্যহাতে টোটোর হ্যাণ্ডেল। সবকিছুই সমান দক্ষতায় সামলে জীবন যুদ্ধে অনেক খানি সফল তিনি, বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই।
এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ, রান্না-খাওয়া সেরে অলকা মুর্ম্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন প্রায় সাত কিলোমিটার দূরত্বের রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি ৫০০ টাকা রোজগার হয় জানিয়ে তিনি বলেন, একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সব ঠিকঠাকই চলছে।
তবে একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, মানুষের হাতে তেমন টাকা পয়সা নেই, ফলে সঠিক ভাড়া সকলে দিতে পারেননা। তবে রানীবাঁধ বাজারে সহকর্মী অন্যান্য পুরুষ টোটো চালকরা যথেষ্ট সহযোগীতা করেন বলেই তিনি জানান।












Click it and Unblock the Notifications