কুম্ভে হারিয়ে যাওয়া সাধন অবশেষে বাড়ি ফিরলেন পুলিশি সহযোগিতায়
অবশেষে সমস্ত উৎকন্ঠার অবসান! 'ঘরের মানুষ ফিরলেন ঘরে'। এই ঘটনায় সংবাদমাধ্যমকে 'ধন্যবাদ' জানালেন বাঁকুড়া পৌর এলাকার ছ'নম্বর ওয়ার্ডের লালবাজার মালাকার পাড়ার মালাকার পরিবারের সদস্যরা।
স্থানীয় বেশ কয়েক জনের সঙ্গে অতি সম্প্রতি মহাকুম্ভে পূণ্যস্নানের উদ্দেশ্যে রওনা দেন লালবাজার মালাকার পাড়ার সাধন মালাকার। কিন্তু পথেই সহযাত্রীদের সঙ্গ হারা হন তিনি। এই খবর তাঁর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যেরা। রান্না-খাওয়াও বন্ধ। এই অবস্থায় বাঁকুড়া সদর থানায় বিষয়টি জানানোর পর পরই ছেলে সহ অন্যান্য আত্মীয় স্বজনেরা পাড়ি দেন মহাকুম্ভের উদ্দেশ্যে। এরই মধ্যে 'ওয়ান ইণ্ডিয়া বাংলা'তে সাধন বাবুর নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়।

অন্যদিকে এরই মাঝে উত্তর প্রদেশ পুলিশের সহায়তায় 'নিখোঁজ' হওয়ার এক সপ্তাহ পর বাড়ি ফিরলেন সাধন মালাকার।তবে মহাকুম্ভে 'পূণ্য স্নানে'র সুযোগ না হলেও বাড়ি ফিরতে পেরে তিনি বেজায় খুশী বলেই জানিয়েছেন। তাঁর কথায়, ঠিক কি হয়েছিল কিছুই মনে নেই। সহযাত্রীদের সঙ্গ ছাড়া হয়ে যাওয়ার পর দু'জন মোটর বাইক আরোহী পুলিশের কাছে পৌঁছে দেন। ভাষাগত সমস্যা হলেও আমি বাঙালি তাঁরা বুঝতে পারেন। পরে কলকাতাগামী ট্রেনে তাঁরাই তুলে দেন বলে তিনি জানান।
সাধন মালাকারের স্ত্রী প্রতিমা মালাকার বলেন, ভীষণ আনন্দ হচ্ছে। সংবাদমাধ্যমে এভাবে খবর সম্প্রচারিত না হলে হয়তো তাঁর স্বামীকে খুঁজেই পাওয়া যেতোনা। তিনি 'ওয়ান ইণ্ডিয়া বাংলাকে ধন্যবাদ জানান।
সাধন মালাকারের বৌমা চায়না কর্মকার বলেন, এই ক'টা দিন খুব দূশ্চিন্তায় ছিলাম। ঘরের মানুষ ঘরে ফিরেছেন এটাই তাঁদের কাছে আনন্দের বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications