তৃণমূলের প্রার্থী তালিকায় একযাত্রায় পৃথক ফল! ইস্তফা দিয়ে চিঠি 'ঘরের মেয়ে' সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের
প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূলে বিরোধ প্রকাশ্যে। তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দলীয় প্যাডে চিঠি দিয়েছেন তিনি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'ভাইরাল' এই চিঠির সত্যতা যাচাই করেনি 'ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি'।
'ভাইরাল' ওই চিঠিতে 'আগামী লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সর্বাঙ্গিক সাফল্য কামনা' করে 'ব্যক্তিগত কারণ দেখিয়ে' 'দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা' দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২১র -র বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও বাঁকুড়ার মাটি ছেড়ে যাননি তিনি। 'বহিরাগত' তকমা ঝেড়ে ফেলে বাঁকুড়ার 'ঘরের মেয়ে' হয়ে উঠতে এখানকার মাটি আঁকড়ে পড়ে ছিলেন তিনি।
দীর্ঘ এই সময়কালে জেলার অজস্র রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে তাঁকে অংশ নিতে দেখা গেছে তাঁকে। এরই মধ্যে রাজ্য তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৪-র লোকসভা ভোটে তাঁকে এখানে প্রার্থী করা হবে ধরে নিয়েই বাঁকুড়ায় পড়ে ছিলেন সায়ন্তিকা।
এরকম যে হতে পারে তার ইঙ্গিত ছিল রবিবারেই। ব্রিগেডের মঞ্চে অভিষেক বন্দ্যোরপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করতেই কানে ফোন নিয়ে স্টেজ থেকে নেমে যেতে দেখা যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর বাঁকুড়া থেকে টিকিটের প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা। কিন্তু রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় 'নাম নেই' তাঁর। দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।
বিধানসভা ভোট তাঁর মতোই আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। কিন্তু সেই সায়নী ঘোষকে যাদবপুরে প্রার্থী করেছে তৃণমূল। সূত্রের খবর, সায়ন্তিকা এক যাত্রায় পৃথক ফল মেনে নিতে পারেননি।
'ভাইরাল' এই ইস্তফাপত্রের সত্যতা জানতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি, তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি। বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের তরফেও এবিষয়ে কিছু বলতে অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications