বাঁকুড়ায় 'সবুজ সাথী'র সাইকেল চড়ে নিজের গ্রামে প্রচারে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু
'সবুজ সাথী' সাইকেল নিয়ে প্রচার তৃণমূলের। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রচারে নেমেছেন। আর সেই প্রচারে সবুজ সাথীর সাইকেল অন্যতম হাতিয়ার। নিজের জয়ের বিষয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফাল্গুনী সিংহবাবু।
সদ্য ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। দিন দুই সেভাবে আর প্রচার করা হয়নি। সেজন্য রবিবার সকালেই তৃণমূলের নেতা - কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন প্রার্থী। সময় হাতে কম। সেই কারণে যতটা বেশি প্রচার করা যায়৷ মানুষের কাছে পৌঁছানো যায়। সেই চেষ্টা করছেন প্রার্থী।

শিলাবতী নদীর পাশে সিমলাপালের তালদা গ্রামে রবিবাসরীয় প্রচার করলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। এদিন তিনি 'সবুজ সাথী' সাইকেল চালিয়ে নিজের গ্রামে নির্বাচনী প্রচার করেন। বৃষ্টি ভেজা সকালে নিজের গ্রামেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী।
নিজের গ্রাম। ফলে সকলেই চেনা। গ্রামের প্রতিটা রাস্তাতেই তাঁর চলাচল। প্রচারের ফাঁকে সাইকেল থেকে নেমে পাড়ার গুরুজনদের আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে তাঁকে। পরে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের শালবনি সহ একাধিক গ্রামে প্রচার করেন।
তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জোর প্রচার করছেন। এদিন বলেন, " দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেল এখন ঘরে ঘরে। হাতে সময় কম। তাই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও দিদির দেওয়া ওই সাইকেলে চড়েই প্রচার শুরু করলাম।" ২০১১ সালেত পরবর্তী সময়ে এলাকার উন্নয়নই তাঁর প্রচারের মূল হাতিয়ার বলেও এদিন জানান তিনি।
তৃণমূল কংগ্রেসও এই আসনে জয়ের জন্য যথেষ্ট আশাবাদী। প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন সাংসদ। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সাংসদ নিজে প্রচারে নেমেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে সাংসদ নিজেও উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications