বাঁকুড়ায় আলু, পেঁয়াজ, রসুন, আদার আড়তে হানা দিল টাস্ক ফোর্স, কতটা দাম কমলো বাজারে ?
রাজ্য জুড়ে সবজি, আনাজপাতির লাগামছাড়া দাম। আলুর কেজি চলে গিয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি৷ পেঁয়াজের কেজি ৬০ টাকার উপরে৷ এই দুই আনাজের চাহিদা বাঙালি মধ্যবিত্তের ঘরে নিত্য দিন থাকে৷ সেই আলু, পেঁয়াজেরও লাগামছাড়া মূল্যবৃদ্ধি।
রাজ্যের বিভিন্ন জায়গার বাজারে হানা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাসতলা ও নতুনগঞ্জ বাজারেও অভিযান হল৷ পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। তাঁরা মূলত আলু, পেঁয়াজ, রসুন, আদার আড়তগুলি পরিদর্শন করেন। কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে।

আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। ১০ দিন প্রায় হতে চলল। জিনিসের দাম কি এত টুকুও কমল? সেই প্রশ্ন উঠছে।
সব জায়গাতেই জিনিসপত্রের মাত্রাছাড়া দাম। কিন্তু কেন এত দাম সবজি, আনাজের? বিক্রেতারা জানিয়েছেন, বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। সে কারণে বিক্রিও সেই ভাবে করতে হচ্ছে। তবে টাস্ক ফোর্সের সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তা ভাবনা তারা করছেন। এই কথাও ব্যবসায়ীরা জানাচ্ছেন।
বাঁকুড়ার টাস্ক ফোর্সের অন্যতম সদস্য, জেলা কৃষিজ বিপণন দফতরের আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল ৮ জুলাই যে দাম ছিল, তার বেশি বাড়তে দেওয়া যাবে না। ব্যবসায়ীরা কথা রেখেছেন।আলুর দাম নিম্নমুখী।
তিনি আরও বলেন, পেঁয়াজের দামও বাড়েনি। বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুত আছে। সেই সব অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু ২৭ ও পেঁয়াজ ৩৬ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। এই কথা বলেন তিনি।












Click it and Unblock the Notifications