প্রবল গরমে কাহিল, আইসক্রিম, জল খেয়ে প্রচার করলেন সৌমিত্র খাঁ
বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে পড়েছেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। অসহ্য গরম সহ্য করতে না পেরে বারবার জল খেয়েছেন। রুমাল দিয়ে হাত মুখের ঘামও মুছতে দেখা গিয়েছে।
তবে প্রচারে কোনওভাবেই খামতি দিতে তিনি রাজি নন। বৃহস্পতিবার কোতুলপুর এলাকায় প্রচারে ছিলেন এই বিজেপি প্রার্থী। বিজেপি নেতা কর্মীদের নিয়ে কোতলপুরের বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে যান। সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে জন সংযোগ করেন। রাস্তায় চলতি মানুষজনের সঙ্গেও হাত মেলান।

এলাকারই একটি ক্লাবে কয়েকজন ক্যারাম খেলছিল। সেখানে পৌঁছে গেলেন বিদায়ী সাংসদ। স্ট্রাইকার হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্যারাম খেলতে। বেশ কিছুক্ষণ ক্যারাম খেলা হয়। ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলেন। তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মের। বিভিন্ন বিষয়ে আলাপচারিতা হয়। তারপর ফের বেরিয়ে পড়েন সৌমিত্র।
রাস্তার ধারে টিউবওয়েল দেখে দাঁড়িয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। নিজেই পাম্প করেন টিউবওয়েল। সেই জলে চোখ মুখ ধুয়েছেন ভালো করে। ঠান্ডা জল পান করেছেন পরম তৃপ্তিতে। এলাকার একটি মন্দিরে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানে যান বিদায়ী সাংসদ। সংকীর্তনে মেতে ওঠেন তিনি।
দুপুরে সেখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। সে কথা শুনে রান্নার জায়গায় পৌঁছে যান সৌমিত্র খাঁ। খিচুড়ি রান্নাতেও তিনি কিছুটা সময় হাত লাগান। এরপর মন্দির ছেড়ে অন্য জায়গায় প্রচারে বেরোন।
মাথার উপর গনগনে সূর্যের আঁচ। তার মধ্যেই প্রচার চলছে। এক সময় আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন।বিদায়ী সাংসদ নিজেও আইসক্রিম খান। সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকদেরও আইসক্রিম খাওয়ান।
গরম থাকবেই। কিন্তু প্রচার চালিয়ে যেতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে। এই কথাই জানালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। জেতার ব্যাপারে আশাবাদী সৌমিত্র।












Click it and Unblock the Notifications