Shravani Mela 2024:শ্রাবণী মেলায় আসবেন ভিন রাজ্যের ভক্তরাও! এক্তেশ্বর শিব মন্দিরে প্রস্তুতি শেষ পর্যায়ে
Shravani Mela 2024: রাত পোহালেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস উপলক্ষ্যে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরে কয়েক শতাব্দী প্রাচীন এক্তেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে ঐতিহ্যমণ্ডিত 'শ্রাবণী মেলা'র প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই মাসের প্রতিটি দিন পূণ্যার্থীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়, তবে সোমবার গুলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এসে ওই দিনগুলিতে দেবাদীদেবকে অর্পণ করেন পূণ্যার্থীরা।
পুরাণ মতে, এই শ্রাবণ মাসেই অসুর ও দেবতার যৌথ উদ্যোগে সমুদ্র মন্থন করা হয়েছিল। সমুদ্র মন্থনে অমৃতের সঙ্গে উঠে আসা হলাহল বিষ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তাঁর শরীর নীল হয়ে যায়। আর সেকারণেই শিবের আরেক নাম -নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তাঁর স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এই ভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব।

এছাড়াও শিবের শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় হওয়ার পিছনে আরও দু'টি লোককথা প্রচলিত আছে। প্রথমটি , এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেছিন। দ্বিতীয়টি হলো দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব ফের তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে শ্রাবণ মাসেই ফিরে পান।
মন্দির কমিটির সদস্য লালমোহন দেওঘরিয়া বলেন, একমাস ব্যাপি শ্রাবণী মেলা উপলক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে আসেন, সেকারণেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবার ১২ শ্রাবণ মঙ্গল ঘট ও ২৬ শ্রাবণ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
পুরোহিত পরেশ দেওঘরিয়া বলেন, শ্রাবণ মাসের প্রতিটি রবিবার রাত থেকে মন্দিরে পূণ্যার্থীদের ঢল নামে। সেই সময় প্রয়োজনে রাত দু'টো থেকে তিনটের মধ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া যায়। এই সময় প্রতিদিন বিশেষ শৃঙ্গার অনুষ্ঠিত হয়। এই সময়কালে জেলা-রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও শিব ভক্তরা এক্তেশ্বর মন্দিরে ভিড় করেন বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications