কল আছে জল নেই! গ্রীষ্ম না আসতেই পানীয় জলের সংকট খাতড়ায়
কল আছে জল নেই। এক সপ্তাহ ধরে পানীয় জলের সংকটে ভুগছেন খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুলহরি গ্রামের মানুষ। গ্রামে জল সংকটের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় নির্মীয়মান রাস্তা তৈরির কাজ আটকে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের মানুষজন।
বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ফুলহরি গ্রামে ১০০ টি পরিবারের বাস। এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত পানীয় জলসরবরাহ বন্ধ হয়েছে। এই অবস্থায় পাশের গ্রাম থেকে তাদের পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। বিষয়টি প্রশাসনিক স্তরে একাধিকবার বিষয়টি জানালেও কাজ হয়নি। এই অবস্থায় শনিবার ফুলহরি গ্রামের পাশ দিয়ে যাওয়া রাস্তা সম্প্রসারণের কাজ আটকে বিক্ষোভ দেখালেন সম্মিলিত গ্রামবাসীরা। জল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই রাস্তার কাজ বন্ধ করে রাখার হুঁশিয়ারী দেন তাঁরা।

গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্পণ সাহু এবিষয়ে বলেন, ওই গ্রামের মানুষ বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। তিনিও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ইঞ্জিনিয়ারকে টেলিফোনে বিষয়টি জানিয়েছেন। এবার লিখিতভাবে ওই দপ্তরের নজরে বিষয়টি তিনি আনবেন বলে জানিয়েছেন।
খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদী বলেন, ফুলহরি গ্রামের পাশ দিয়ে রাস্তা তৈরির সময় পাইপ লাইনে কিছু সমস্যা হয়েছে। আপাতত ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠিয়ে সমস্যা করা হবে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বাঁকুড়ায় পানীয় জলের সংকট নতুন কিছু নয়। গত বছরের এপ্রিলে বাঁকি গ্রামে পানীয় জলের সংকট হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন জেলাশাসক। সাধারণভাবে প্রচণ্ড গরমে পুকুর, নদী শুকিয়ে যাওয়ার ফলে পানীয় জলের সমস্যা দেখা দেয়। সঙঅগে টিউবওয়েলের জল পানের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু এবার সময়ের আগে কল থেকেই জল পড়ছে না।
গ্রামের সাধারণ মানুষ বলছেন, ভোট এলেই জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু ভোট চলে গেলেই নেতারা আশ্বাসের কথা ভুলে যান। এবার ঘটনা ভোটের আগে এবং নেতারা তাড়াতাড়ি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন কবে জল সরবরাহ স্বাভাবিক হয়, তারই অপেক্ষায় গ্রামবাসীরা।
বিজেপির দাবি কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করলেও, শাসক নেতারা কাটমানি নিয়ে টাকা নয়ছয় করায় সাধারণ মানুষ অসুবিধায় পড়েছেন। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications