অকাল দেওয়ালি বাংলার বহু জায়গায়, রামলালার জন্য প্রজ্জ্বলিত লক্ষ প্রদীপ
অকাল দেওয়ালি যেন রাম মন্দির উদ্বোধনের সন্ধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সোমবার সকালেই। দেশের অন্যান্য জায়গার সঙ্গে বাংলাতেও উচ্ছ্বাস দেখা গিয়েছে। শিলিগুড়ি, বাঁকুড়া থেকে বালুরঘাট বিভিন্ন জায়গাতেই চলল উচ্ছ্বাস, আনন্দ।
রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আজ সোমবার সন্ধ্যায় ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হল। বালুরঘাট শহরের আত্রেয়ী সদরঘাটে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয় । এই নিয়ে সকাল থেকেই সাজো সাজো রব বালুরঘাটে। বিজেপি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন শোভাযাত্রা বার করা হয় শহরে।

এদিনই দিপালীনগর এলাকায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হয়। এতদিন তাঁর কার্যালয়টি শহরে একটি ভাড়া বাড়িতে ছিল অস্থায়ীভাবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সমস্ত হিন্দু ধর্মের মানুষ আজ রামমন্দির উদ্বোধনে মেতে উঠেছেন। জেলা তো বটেই, রাজ্যে সাজো সাজো রব। তবে ভেজাল হিন্দুরা এই থেকে বিরত রয়েছে। উস্কানি দিতে আজ তৃণমূল তাদের কর্মসূচি রেখেছে।
সারা দেশ ও রাজ্যের সঙ্গে উৎসবের মেজাজে লাল মাটির জেলা বাঁকুড়াও। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অকাল দীপাবলিতে অংশ নিলেন এখানকার মানুষ। এদিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। খাতড়া শহরের এটিএম গ্রাউন্ডে ২০ হাজার মাটির প্রদীপ জ্বালানো হল। রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হল।
মানুষের উন্মাদনার একই ছবি বাঁকুড়া শহরেও। শহরের লালবাজার দুর্গা মন্দিরের সামনে জ্বালানো হল ১০ হাজার প্রদীপ। শিলিগুড়ির একাধিক জায়গায় প্রদীপ জ্বালানো হয়। হাওড়াতেও একই কর্মসূচি পালন করা হয়েছে।












Click it and Unblock the Notifications