রাম মন্দির ঘিরে বাঁকুড়া সতীঘাট মন্দিরে পুজো, জেলায় মানুষের উচ্ছ্বাস
সরযূ তীরে অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। মন্দির উদ্বোধন ঘিরে আনন্দোৎসবে মেতেছেন রামভক্তরা। বাঁকুড়াতেও উৎসাহ ও উদ্দীপনা কম নেই৷ রাম মন্দির নিয়ে উচ্ছ্বাস মানুষের মধ্যে। চলছে পুজো।
তৃণমূলের মিছিলকে কটাক্ষ করেছেন বিজেপির সাংসদ সুভাষ সরকার। তৃণমূলের লোকজন উপরতলার নির্দেশে এই মিছিল করছে। তারাও বাড়িতে পুজো করছে। তৃণমূলে থাকতে গেলে শিরদাঁড়া খুলে রাখতে হয়।

অযোধ্যা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার দূরের গন্ধেশ্বরী নদী তীরে বাঁকুড়া শহরেও উৎসবের আবহ। একদিকে সতীঘাট রাম মন্দিরে সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। সেখানে বিশেষ পূজাপাঠের পাশাপাশি হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে।
অন্য দিকে শহরের বঙ্গ বিদ্যালয় মাঠ থেকে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের উপস্থিতিতে ১০৮ জন মহিলা মঙ্গল কলস নিয়ে শহরের লালবাজার দুর্গা মন্দিরের দিকে রওনা হন। সেখানেই সকাল থেকে পণ্ডিত রামনাথ চক্রবর্ত্তী, পঞ্চতীর্থের কন্ঠে চণ্ডিপাঠ শুরু হয়েছে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেখানেই সরাসরি রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান চলে। সব মিলিয়ে রাম নামে মুখরিত দক্ষিণের জেলা শহর বাঁকুড়াও।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার উচ্ছ্বসিত এই মন্দির উদ্বোধন হওয়ায়। সাংসদ জানিয়েছেন, ভারতের সঙ্গে সারা বিশ্বেও উন্মাদনা। বাঁকুড়ায় দুই হাজার গ্রামে এই অনুষ্ঠান হচ্ছে। ১২০ টি অঞ্চলে বড় অনুষ্ঠান হচ্ছে। যেখানে রামের অবয়ব রেখে পুজো অর্চনা করা হচ্ছে। বাঁকুড়া ও খাঁতড়া মহকুমাতেও খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে।
কৃত্তিবাস রামায়ণ রচণা করেছিলেন। তিনি বাঙালি ছিলেন। সেই বই সাংসদ এদিন সঙ্গে রেখেছেন। বাঙালিরা আরও বেশি সংখ্যায় এই বই পড়ুক। মানু্ষের মধ্যে কৃত্তিবাসের কথা ছড়িয়ে দিক, চাইছেন সাংসদ।
তৃণমূলের লোকজন রাম মন্দিরের আমন্ত্রণপত্র গ্রহণ করেছে। কপালে ঠেকিয়ে প্রণাম করেছে। তৃণমূল আসলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের জন্য এই কাজ করছে। এমনই খোঁচা দিলেন বিজেপি সাংসদ।
বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা সাজানো হয়েছে। পুজোর অনুভব সম্পূর্ণ আনার প্রক্রিয়া রাখা হয়েছে। অযোধ্যায় গিয়ে বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে না পারলেও বর্তমান প্রজন্মের অনেকেই টানে ছুটে এসেছেন সতীঘাট রাম মন্দিরে। তারা জানিয়েছেন, কোনও এক সময় তারা ঠিক পৌঁছে যাবেন অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে।












Click it and Unblock the Notifications