Panchayat Election 2023: কমরেড মমতা CPI(M) প্রার্থী! পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙার ভাইরাল প্রচারের রহস্যভেদ
Panchayat Election 2023: চোরমুক্ত পঞ্চায়েত গড়তে বিরোধী দলগুলি জেলায় জেলায় নিজেদের প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়ে প্রচার চালিয়েছে। কাল পঞ্চায়েত নির্বাচন। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিপিআইএমের প্রচার।
ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে সিপিআইএমের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ডাক দিয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বৈঠকে সম্প্রতি পাটনায় দেখা গিয়েছিল সীতারাম ইয়েচুরীকে। যা দেখে বিজেপি কটাক্ষ করে দাবি করেছিল, সিপিআইএম, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল। বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি! শুভেন্দু অধিকারীও দাবি করেন, বাংলায় বিজেপি সেটিং অপোজিশন নয়।
রাজ্যের বিরোধী দলনেতা প্রায়ই বলে থাকেন, ২০১১ সালে বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, ২০১৬ সালে আবদুল মান্নান। তাঁদের ম্যানেজ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপিকে ম্যানেজ তিনি করতে পারবেন না। কংগ্রেস ও বামেরা অবশ্য পঞ্চায়েত নির্বাচনের আবহে একযোগে নিশানা করছে তৃণমূল ও বিজেপিকে।

যদিও তৃণমূলকে রুখতে স্থানীয় স্তরে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ একজোট হয়েছে বলে অভিযোগ রয়েছে শাসক দলের। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সিপিআইএমের ভোট প্রার্থনার ছবি। যেখানে মমতার আগে লেখা রয়েছে কমরেড। পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙতে মমতাকে জেতানোর আহ্বান সিপিআইএমের।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এই দেওয়াল লিখন ঘিরে শোরগোল শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, এটাই নিছকই মজা করে কেউ বানিয়েছেন? নাকি ছবিতে কারিকুরি হয়েছে? কোথায় এমন দেওয়াল লিখন তা নিয়েও অনেকে খোঁজখবর শুরু করেন। কিন্তু একটা ছবি দেখে জায়গা চিহ্নিত করাই ছিল বড় চ্যালেঞ্জ।

ওয়ানইন্ডিয়া বাংলায় এবার রহস্যভেদ। ছবিটি এবারের নয়, এটা ১০ বছর আগেকার ছবি। বাঁকুড়ার বড়জোড়া পঞ্চায়েতের। তখন ৫২ নম্বর বুথে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের টিকিটে। এখন এটি হয়েছে ৬০ নম্বর বুথ। আগে জেনারেল সিট ছিল, এখন ওবিসি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী স্বপন বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর স্ত্রী আর দল করেন না। এখন গিয়েছেন মেয়ের বাড়িতে। সেবার ভোটে দাঁড়ালেও জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই বুথে কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন নিয়ে সিপিআইএম প্রার্থী হয়েছেন বাবলু কর্মকার। তাঁর পোস্টার লাগাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীকে।
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের নাম স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। আর বাঁকুড়ায় সিপিআইএমের প্রার্থী হিসেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়েন এবং হেরে যান তাঁর স্বামীর নাম স্বপন!












Click it and Unblock the Notifications