Panchayat Election 2023: সায়ন্তিকার মুখে শুভেন্দু সম্পর্কে কু-কথা, নিন্দায় সরব বিজেপি
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সায়ন্তিকা সভামঞ্চ থেকে শুভেন্দু সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সভার শেষেও সেই বক্তব্যেই অনড় থাকেন।

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা এদিন শুভেন্দুকে উদ্দেশ করে বলেন, আপনি লোডশেডিং নেতা, আপনি লোডশেডিং এম.এল.এ, লোডশেডিং আপনার রাজনৈতিক কেরিয়ার। লজ্জা করেনা! চটি ছেড়ে বুট জুতো চাটতে গিয়েছেন জের পাপ ঢাকতে।
গঙ্গাজলঘাটির নবগ্রামে তৃণমূলের সভায় সায়ন্তিকা আরও বলেন, আপনি যা পাপ করেছেন আপনাকে ধোবা ঘাটে নিয়ে গিয়ে আছাড় মারলেও পাপস্খলন হবে না। সভার শেষে সাংবাদিকদের সায়ন্তিকা বলেন, শুভেন্দু অধিকারীর পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে।

সায়ন্তিকার কথায়, উনি সার্টিফায়েড চোর। ওয়েবসাইটে চোর হিসেবে ওঁর নাম আছে। চটি ছেড়ে উনি কান্নাকাটি করে হাতে-পায়ে ধরে বুট চাটতে গিয়েছেন। উনি এত বছর যাঁদের সঙ্গে ছিলেন, যাঁদের সঙ্গে থেকে তিনি নিজের কেরিয়ার গড়েছেন, এখন তাঁদের ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনের দ্বারস্থ হয়েছেন।

সায়ন্তিকা এখানেও না থেমে বলেন, উনি যখন তৃণমূলে ছিলেন তখন চটিই চাটতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁর গোটা গুষ্ঠিকেই উজাড় করে সব কিছু দিয়েছেন। চটি চাটলে ওঁর রাজনৈতিক কেরিয়ারের উত্থান অব্যাহত থাকত। কিন্তু বিজেপিতে বুট চাটতে গিয়ে ওঁর কেরিয়ারেও লোডশেডিং হয়ে গেল।
সায়ন্তিকার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা বলেন, সায়ন্তিকা যা বলেছেন ওটাই ওঁর দলের কালচার। কলকাতা থেকে আসার পর বাঁকুড়ার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ওঁর দু-গালে থাপ্পড় মেরেছেন। তাতেও লজ্জা নেই। আবার এসেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে থাপ্পড় খাবেন বলে।












Click it and Unblock the Notifications