বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার অস্বস্তিতে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চিকিৎসক-পুত্রের বিরুদ্ধে FIR! কেন?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের মধ্যেই অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তাঁর চিকিৎসক পুত্র সোমরাজের বিরুদ্ধে বাঁকুড়া থানায় দায়ের হলো এফআইআর।
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সন্তান প্রসবের পরই শারীরিক অবস্থার অবনতি হয় এক মহিলার। তারপর তিনি মারা যান। তাঁর স্বামীই অভিযোগ দায়ের করেছেন।

মৃতার স্বামী তন্ময় দে বাঁকুড়ার লালবাজারের কামারপাড়ায় থাকেন। তিনি জানিয়েছেন, ২১ মার্চ তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হার্দিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসক সোমরাজ সরকার সিজারের সিদ্ধান্ত নেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেখার পর।
সেই হাসপাতালেই কন্যাসন্তানের জন্ম দেন বছর ছাব্বিশের মৌসুমী দে। সন্তান-সহ মা ভালোই আছেন বলে পরিবারকে জানান চিকিৎসক। কিন্তু বেডে দেওয়ার পরই রক্তক্ষরণ শুরু হয়, অবস্থার অবনতি হতে থাকে মৌসুমীর। অভিযোগ, তারপরও ওই হাসপাতালে যথোপযুক্ত চিকিৎসা হয়নি।
২২ মার্চ অর্থাৎ সন্তান প্রসবের পরের দিন মৌসুমীকে রেফার করে দেওয়া হয় হার্দিক হাসপাতালের তরফে। দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ২৫ মার্চ প্রয়াত হন মৌসুমী। চিকিৎসক সোমরাজ সরকারের গাফিলতির কারণেই এই অবস্থার শিকার হতে হলো বলে দাবি মৃতার স্বামীর।
সোমরাজ সরকার-সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বাঁকুড়া থানার পুলিশ। স্বাভাবিকভাবেই বাঁকুড়ার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ ও বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications