চাল, মুড়ি, তেল, ওষুধ নিয়ে পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকায় বাঁকুড়ার জুনিয়র ডাক্তাররা
সকাল থেকেই জুনিয়র চিকিৎসকদের ব্যস্ততা। চিকিৎসার সরঞ্জাম, ওষুধপত্র সঙ্গে নিচ্ছেন তাঁরা। সঙ্গে শুকনো খাবারের বস্তাও সঙ্গে রেখেছেন। সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। এত দিন তাঁরা আরজি কর কাণ্ডে কর্মবিরতি আন্দোলন করেছিলেন। এবার মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা।
প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত বহু এলাকা। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কাছে কাজে যোগ দেওয়ার আবেদন জানান। সেই আবেদনেই সাড়া দিয়েছেন রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

আরজি করের ঘটনার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। তারই মধ্যে শুক্রবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনকারী বেরিয়ে পড়লেন। জুনিয়ার চিকিৎসকরা ত্রাণ সংগ্রহ করে রওনা দিলেন বন্যা কবলিত পাঁশকুড়ার উদ্দেশ্যে। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিসেবাও দেবেন জুনিয়র চিকিৎসকদের ওই দল। বন্যায় যথেষ্ট খারাপ অবস্থা পাঁশকুড়ার বিভিন্ন এলাকা।
দফায় দফায় দ্বিপাক্ষিক আলোচনার পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আগামী কাল শনিবার থেকে নিজেদের কাজে ফিরছেন। তবে বিচারের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। স্পষ্টতই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলন জারি রেখেই এবার রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা।
নিজেদের উদ্যোগেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন। আজ পাঁশকুড়ার উদ্যেশ্যে রওনা দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি টিম। চাল, ডাল, আলু, মুসুর ডাল, সয়াবিন, চিঁড়ে, চিনি, ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়েছে।
এছাড়াও জুনিয়র চিকিৎসকরা নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পর্যাপ্ত ওষুধ। বন্যা দুর্গত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের চিকিৎসা পরিষেবাও দেবেন জুনিয়র চিকিৎসকদের ওই দল। জুনিয়র চিকিৎসক নিরুপম সরকার, অর্পিতা মাইতিরা জানাচ্ছেন, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এবার দুর্গত সাধারণ মানুষের পাশে মানবিক ভাবে দাঁড়ানোর তাগিদ থেকেই এই উদ্যোগ।












Click it and Unblock the Notifications