বাঁকুড়ায় প্রবল ভাঙন দামোদরে, চাষের জমি চলে যাওয়ার আতঙ্ক মানুষের
'নদীর ধারে বাস, চিন্তা বারো মাস'। তবে শুধু এখন চিন্তা নয়। চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তি ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পাড় ভাঙছে দামোদরের। নদীর গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ।
একেই গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে। মাটি আলগা হয়েছে। পাশাপাশি প্রবল জল বইছে দামোদরে। ডিভিসি জল ছাড়ায় প্রচুর পরিমাণে জলের স্রোত রয়েছে দামোদর নদে। আর তার থেকেই ইন্দাস এলাকায় বেড়েছে আশঙ্কা। একেই এই সব এলাকায় বালি তোলার জন্য মাটি আলগা হয়ে যায়। এবার দেখা দিয়েছে ভাঙন সমস্যা।

স্থানীয়দের দাবি, সম্পূর্ণ বেআইনি ভাবে বালি উত্তোলন হয়। ফলে এই চরম দুর্দশার মধ্যে পড়তে চলেছেন তারা। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মন্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি রাতে ঘুমোতে পারি না। নদীর ধারেই চাষের জমি। এই জমি নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনও উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনই তারা দাবি করেন। এখন নতুন করে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই খণ্ড খণ্ড জমি তলিয়ে যাচ্ছে দামোদরে। নদীর স্রোত এসে ধাক্কা দিচ্ছে পারে। এই ক'দিনে বেশ ভালো পরিমাণ জমি জলের নীচে তলিয়ে গিয়েছে বলে খবর।
ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, " আমি ওই এলাকায় গিয়েছিলাম। চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গিয়েছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।" এই বিষয়ে প্রস্তাব তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।
কিন্তু কবে কাজ শুরু হবে? দামোদরের কোপে চাষের জমি চলে গেলে কী হবে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।












Click it and Unblock the Notifications