Durga Puja 2023: মা দূর্গার প্রসাদেও এবার তালের বড়া! পথ দেখাচ্ছে 'সঞ্জীবনী'
Durga Puja 2023: 'পেটুক' গণেশ সহ চার ছেলে মেয়েকে নিয়ে ঘরের মেয়ে উমার ঘরে ফেরা এখন সময়ের অপেক্ষা। কিন্তু ফি বছর একটু দেরীতে আসার কারণে বরাবরই তাঁরা তালের নানারকম সুস্বাদু পদের স্বাদ থেকে বঞ্চিত থাকেন। কিন্তু এবার বাঁকুড়ার 'সঞ্জিবনী'র সৌজন্যে সেই আফশোসের দিন শেষ।
আপনি চাইলে মা দুর্গাকেও (Durga Puja 2023) তালের বাহারি পদ নৈব্যেদ্য হিসেবে দিতে পারবেন। কারণ মুশকিল আসানের ভূমিকায় সেই 'সঞ্জীবনী'ই। রুখা-শুখা বাঁকুড়া জেলা জুড়েই তাল গাছের ছড়াছড়ি। কিন্তু কথায় আছে 'গেঁয়ো যোগী ভিখ্ পায়না', তালের অবস্থাও ঠিক খানিকটা তেমনই।

এতো দিন যত্র,তত্র গাছের নিচে অনাদরে অবহেলায় পড়ে থাকতো সুস্বাদু পাকা তাল। কিন্তু ওই তালকে কেন্দ্র করেই কর্মসংস্থান তৈরী সম্ভব করে দেখিয়েছে বাঁকুড়ার ''সঞ্জীবনী''। নীরা ও ঈরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের কাজে লাগিয়ে তালের পাল্প অর্থাৎ মাড়ি ও জ্যাম উৎপাদন ও বাজারজাত করার উদ্যোগ নেন তাঁরা।
শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সঞ্জীবনীর তালের পাল্প ও জ্যামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ইন্দপুরের ব্লক কৃষি আধিকারিক জগন্নাথ পণ্ডা সহ খাতড়া মহকুমা এলাকার ব্লক কৃষি আধিকারিকরা, সঞ্জীবনির পক্ষে রানা পণ্ডা সহ অন্যান্যরা।
সঞ্জিবনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উদ্যোগে ইন্দপুরের দুবরাজপুর গ্রামের নীরা ও ঈরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের কাজে লাগিয়ে পাকা তালের মাড়ি সংরক্ষণ ও বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে একদিকে প্রান্তিক গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে,

অন্যদিকে মানুষ তাঁদের চাহিদা মতো তালের মাড়ি সহ জ্যাম সংগ্রহ করতে পারবেন। আর সেকারণেই এবার আর বছরের নির্দিষ্ট কয়েকটা দিন নয়, বছরভর তালের স্বাদ পেতে সঞ্জীবনীর সঙ্গে যোগাযোগ করলেই সব সমস্যার সমাধান বলে তারা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications