রাস্তা সংস্কারে মাথায় ঝুড়ি BJP বিধায়কের! বিরলতম দৃশ্যের সাক্ষী বাঁকুড়া, কটাক্ষ তৃণমূলের
এক বিরল থেকে বিরলতম দৃশ্যের সাক্ষী থাকলো লাল মাটির জেলা বাঁকুড়া। বেহাল রাস্তা, আর সেই রাস্তা সংস্কারে ঝুড়ি মাথায় নেমে পড়লেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। এখন এক জন জনপ্রতিনিধি মানেই পাঁচ বছরের নিশ্চিন্ত জীবন যেখানে, সেখানেই এক বিধায়কের ব্যতিক্রমী ভূমিকায় খুশি অনেকেই।
স্থানীয় সূত্রে খবর, গঙ্গাজলঘাটি ব্লকের রাঙ্গামেট্যা থেকে রাজামেলা ভায়া কেল্যাই রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা দিয়েই নিয়মিত যাতায়াত করেন বিধায়ক চন্দনা বাউরি নিজেও। একাধিকবার প্রশাসনিক স্তরে রাস্তা সংস্কারের আবেদন জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। ফলে রবিবার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে ঝুড়ি মাথায় কোদাল হাতে রাস্তা সংস্কারে নেমে পড়লেন বিধায়ক নিজেই।

বিধায়ক চন্দনা বাউরীর দাবি শাসক দল তাঁর নির্বাচনী এলাকায় জিততে পারেনি, আর সেকারণেই এই রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। এই অবস্থায় স্বামীকে সঙ্গে নিয়েই তিনি নিজে রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন বলে জানান।

অন্যদিকে তৃণমূল নেতা ও গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজির দাবি, পথশ্রী প্রকল্পে ওই রাস্তার অনুমোদন মিলেছে। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজও হয়ে গেছে।বিজেপি বিধায়ক চন্দনা বাউরী এখন 'নাটক' করছেন বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications