Shiksha Ratna Award: 'শিক্ষা রত্ন' পাচ্ছেন বাঁকুড়ার স্কুলের রক্তিম! শিক্ষার প্রসারে তাঁর কীর্তি অবাক করবেই
West Bengal Shiksha Ratna Award: রাজ্য সরকারের তরফে চলতি বছরে 'শিক্ষা রত্ন' সম্মানে সম্মানিত হতে চলেছেন ১৮৪০ সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম প্রথম সারীর শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। আগামী ৫ সেপ্টেম্বর 'জাতীয় শিক্ষক দিবস।
সেদিনই কলকাতায় অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান (West Bengal Shiksha Ratna Award) তুলে দেবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আদিবাড়ি বর্ধমানের গুসকরায় হলেও ঝাড়খণ্ডের মাইথনে জন্ম রক্তিম মুখোপাধ্যায়ের। বাবা ডিভিসি-র পাঞ্চেতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ছোটো থেকেই অত্যন্ত মেধাবী রক্তিম মুখোপাধ্যায় মাইথনের ডি.নোবিলি স্কুল থেকে আই.সি.এস.সি, পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনা শেষে বিশ্বভারতী বিশ্বভারতী বিদ্যালয় থেকে পি.এইচ.ডি করেন। ২০০৪ সালের মার্চ মাসে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকেই 'ছাত্র দরদী' হিসেবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়।
বর্তমানে শহরের প্রতাপবাগানের কোয়ার্টারে বাবা, মা, স্ত্রী ও দশম শ্রেণীর পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন তিনি।তাদের স্কুলের শিক্ষক রক্তিম স্যারের 'শিক্ষারত্ন' প্রাপ্তির খবরে খুশী পড়ুয়ারাও। ছাত্র সর্বদীপ মিত্রের কথায়, 'স্যার পড়ানোর পাশাপাশি আমাদের সাথে খুব মজা করেন'। প্রতিটি পাঠ্য তিনি খুব সুন্দরভাবে বোঝান বলেও সে জানিয়েছে।
জেলা স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণধন ঘোষ বলেন, অত্যন্ত আনন্দের খবর। রক্তিম বাবুর এই শিক্ষারত্ন প্রাপ্তি (West Bengal Shiksha Ratna Award) আমাদের স্কুলকেও গর্বিত করেছে। শিক্ষকতার পাশাপাশি ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষক রক্তিম মুখোপাধ্যায় প্রতিনিয়ত যুক্ত থাকেন বলে তিনি জানান।
'শিক্ষারত্ন' সম্মানের জন্য মনোনীত বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক রক্তিম বলেন, 'আমি সত্যিই আপ্লুত। যাদের সাথে আমার সব থেকে বেশী যোগাযোগ সেই ছাত্র সমাজকে আগে আমি ধন্যবাদ জানাতে চাই'। মানুষ গড়ার কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করার সুযোগ পেয়ে বাবা, মা, পরিবার সহ সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ জানিয়ে আরও বলেন, 'জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজেই যুক্ত থাকতে চাই'। বর্তমান ছাত্র সমাজ জাতীর ভবিষ্যৎ, তাঁদের দেখানো পথেই সামাজিক অবক্ষয়কে দূরে সরিয়ে প্রত্যেকেই এগিয়ে যাক সেটাই তিনি চাইছেন বলে জানান।












Click it and Unblock the Notifications