Bankura: রাতে ঘরের দরজা খুলতেই ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন, ভোটের আগে কোতুলপুড়ে কিসের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
পঞ্চায়েত ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় বোমা উদ্ধার, হানাহানিতে তপ্ত পরিস্থিতি। তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ শোনা যাচ্ছে। এতোকিছুর মাঝে আবার বাঁকুড়ার কোতুলপুরে হাজির নতুন আতঙ্ক।
পঞ্চায়েত ভোটের ঠিক পূর্ব মুহূর্তেই অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোতুলপুরের কামারবেড়িয়া গ্রামে। বুধবার রাতের এই ঘটনায় আতঙ্কের ছাপ এলাকার মানুষের চোখে মুখে।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ মল্লিক বলেন, রাত প্রায় দু'টা তিরিশ-পঁয়ত্রিশ নাগাদ দরজা খুলে বাড়ির বাইরে বেরোতে গেলে ঐ প্রাণীটি আমাকে আক্রমণের চেষ্টা করে। এই ঘটনার পর সারা রাত আতঙ্কে থাকি। এলাকায় ঐ প্রাণীর পায়ের ছাপ থেকে বাঘ বলেই তাঁরা মনে করছেন বলে তিনি দাবি করেন।
মঙ্গল ভুঁই নামে এক বাসিন্দা বলেছেন, আমার দীর্ঘ জীবনে এই ধরণের ঘটনা দেখিনি। পায়ের ছাপ দেখে আমি নিশ্চিত এগুলো বাঘেরই পায়ের ছাপ। এই ঘটনার পর তাঁরা প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত বলে তিনি দাবি করেন।

বনদপ্তরের জয়পুর রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক সহদেব মুড়া জানিয়েছেন, খবর পেয়েই গ্রামে আমাদের কর্মীরা গেছেন। আজ আবারো অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেলে খাঁচা পাতার ব্যবস্থা তারা করবেন বলে তিনি জানান।
আগামী ২ দিন পঞ্চায়েত ভোট নিয়ে উত্তেজনা থাকবে গ্রামে গঞ্জে। কিন্তু তার মাঝেই এই অজানা জন্তুর আতঙ্ক গ্রামবাসীরা কীভাবে সামাল দেবেন সেটাই দেখার। গত কয়েক বছর আগে ঝাড়গ্রামে বাঘের দেখা মিলেছিল। গ্রামবাসীরাই খাঁচা পেতে সেই বাঘ ধরে মেরেছিলেন।












Click it and Unblock the Notifications