Idols Drinking Water: ভগবানের জল পান ঘিরে শোরগোল! মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় অন্ডালে
Idols Drinking Water: গণেশের দুধ খাওয়ার খবর বেশ কয়েক বছর আগে শোরগোল ফেলে দিয়েছিল। যদিও এই ধরনের ঘটনাকে বুজরুকি বলেন অনেকে। যুক্তিবাদীরা কিংবা বিজ্ঞান মঞ্চ মানুষের অন্ধ বিশ্বাস ভেঙে দিতে প্রচারও চালান।
যদিও মানুষের ধর্মীয় বিশ্বাস কিন্তু অটুটই থাকে। আজ পশ্চিম বর্ধমানের অন্ডালে শোরগোল পড়ে গেল ভগবানের জলপান ঘিরে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা। কোনও কুসংস্কারকে উৎসাহিত করতেও এই প্রতিবেদন নয়। যা দেখা গিয়েছে তা-ই তুলে ধরা হচ্ছে।

সকাল থেকে রটে যায় পাথরের শিবমূর্তি ও পাশে থাকা নন্দী মহারাজের মূর্তির মুখের সামনে চামচ করে জল ধরলেই নিমেষে উধাও হয়ে যাচ্ছে জল। ফলে মন্দির চত্ত্বরে ভক্তের ভিড় জমতে দেরি হয়নি। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত মধুসূদনপুর কোলিয়ারি এলাকার একটি শিব মন্দিরে।
আজ বেলা বারোটা নাগাদ হঠাৎ শিব মন্দিরে পুজো দিতে আসেন এক ভক্ত। তিনিই প্রথম লক্ষ্য করেন নন্দী মহারাজের মুখের সামনে জল ধরলেই নিমেষে উধাও হয়ে যাচ্ছে জল। ওই মন্দিরেই থাকা ভগবান শিবের পাথরের মূর্তির সামনেও চামচে জল ধরলে সেই জল উধাও হয়ে যায়।

এক-দুবার নয়, বেশ কয়েকবার এমনটি হতেই তিনি এলাকায় খবর দেন। স্থানীয় বাসিন্দা হৃদয়রাম গুপ্তা বলেন, ভগবান শিব ও নন্দী মহারাজ জল পান করছেন। দুপুর থেকেই প্রচুর ভক্ত মন্দিরে ভিড় করেছেন। শিব যুগের প্রতি অগ্রসর হওয়ার বার্তা দিচ্ছেন ভগবান শিব। মন্দিরে পূজা শুরু হয়ে যায়। যাঁরা রোজ এখানে পূজা দেন তাঁদের সঙ্গে পুজো দেন দূর-দূরান্ত থেকে আসা অনেকেই।

অনেকে নিশ্চিত হতে দেখে নেন চামচের জল নীচে পড়ছে কিনা। কিন্তু তা হয়নি। ক্যামেরায় দেখা গিয়েছে দুটি মূর্তির সামনেই জল ধরলে তা উধাও হয়ে যাচ্ছে। ঘটনার পিছনে কী বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তা নিয়ে মাথা না ঘামিয়ে গ্রাম ও সংলগ্ন এলাকার মানুষ মেতেছেন ভগবানের জলপানে।












Click it and Unblock the Notifications