Mamata Banerjee: বাজেটের পরে সরকার পড়ে যাচ্ছিল! নতুন কর কাঠামো-ব্যাঙ্ক-বিমা নিয়ে মোদী সরকারকে নিশানা মমতার
বর্ধমানের সভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলআইসি এ ব্যাঙ্কের টাকা গিয়ে দলের কয়েকজনকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিধানসভা ভোটের আগে তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা তিনি পালন করেছেন। এবার তাঁর আবেদন চাকরির জন্য বাইরে যাবেন না। রাজ্যেই লক্ষ লক্ষ চাকরি হবে। বর্ধমানের গোদার মাঠ থেকে এদিন এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিথ্যা দিয়ে মুখ বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

চাকরির জন্য বাইরে যাবেন না
এদিন মুখ্যমন্ত্রী বর্ধমানের গোদার মাঠের সভা থেকে বলেন, চাকরির জন্য বাইরে যাবেন না। রাজ্যে লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হচ্ছে। দেউচা-পচামি হলেই কাজের সুযোগ হবে। এছাড়াও বর্ধমান-হুগলির বিস্তীর্ণ এলাকায় ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সেখানেও লক্ষ লক্ষ চাকরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে বেকারদের চাকরির জন্য কোনও কথাও বলা হয়নি।

বাজেটের পরে সরকার পড়ে যাচ্ছিল
মুখ্যমন্ত্রী বলেন, বুধবার বাজেটের পরে সরকারটাই পড়ে যাচ্ছিল। কারণ বাজেট পেশের পরেই শেয়ার বাজারে ধস নামে। সেই পাঁচ-ছয়জনকে ফোন করে কাউকে ১০ হাজার, কাউকে ২০ হাজার, কাউকে ৩০ হাজার কোটি টাকার শেয়ার কিনতে বলা হয়। তিনি তাঁদের নাম জানেন। তবে বিড়ম্বনায় ফেলতে চান না, তাই তিনি সেই নাম বলছেন না বলে জানান। তিনি অভিযোগ করেন, এলআইসি আর ব্যাঙ্কের টাকায় দলের কয়েকজনকে সুবিধা দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বাজেটের সমালোচনা করতে গিয়ে বলেন, নতুন কর কাঠামোর দিল ২, কাটল আড়াই। সেখানে শুধু জাগলারি রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাজেটে বেকারদের জন্য কোনও ঘোষণা নেই বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর ভাষণে রানিগঞ্জ-বিশ্বভারতী
মুখ্যমন্ত্রী এদিনের ভাষণে রানিগঞ্জের ধসের পাশাপাশি বিশ্ব ভারতীর কথা উঠে এসেছে। তিনি অভিযোগ করেছেন, রানিগঞ্জে যেকোনও সময় ধস নামবে। সাধারণ মানুষের জন্য রানিগঞ্জে ২৯ হাজার বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বিশ্বভারতীর কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সেখানে ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকাদের ওপরে অত্যাচার করা হচ্ছে। তাঁকে গালাগালি করেও মুখ বন্ধ করা যাবে না, বলেন তিনি।

চাকরি-বিক্ষোভ-ভরসা
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, রাজ্যে চাকরি দিতে গেলেই আদালতে গিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। চালাকি করে চাকরি আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে তাঁর প্রতিশ্রুতি আইন মেনেই চাকরি হবে, অনেক চাকরি হবে। এই সময় তিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতির কথা তোলেন। কীভাবে ভার্চুয়ালি ৭২ হাজার চাকরি হল, তা নিয়েও প্রশ্ন করেন তিনি। প্রসঙ্গত দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি প্রায় ৭২ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দিদির দূত কর্মসূচিতে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা তুলছেন। তবে বিক্ষোভ বলে যা দেখানো হচ্ছে, তা মিডিয়ার তৈরি করা। মুখ্যমন্ত্রী এদিন সাধারণ মানুষকে তাঁর প্রতি বিশ্বাস-ভরসা রাখার আবেদন করেছেন। তিনি বলেছেন, গত বিধানসভা নির্বাচনের আগে তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে তা কার্যক্ষেত্রে রূপান্তরিত হয়েছে।












Click it and Unblock the Notifications