Siliguri: "শান্তিতে নোবেলজয়ীই অশান্তির মূলে," ইউনূসের বিরুদ্ধে স্লোগান শিলিগুড়ির প্রতিবাদ মিছিলে
Siliguri Protest on Bangladesh: বাংলাদেশে ধৃত ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmoy Probhu) নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদ মিছিল। হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে এদিন পথে নামে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিল থেকে বাংলাদেশের (Bangladesh) ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান প্রতিবাদীদের।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিলকার্ট রোড ধরে মহকুমাশাসকের দফতর পর্যন্ত যায় মিছিল। হাসমি চকে বেশকিছুক্ষণ অবস্থানও করেন প্রতিবাদীরা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শঙ্খ বাজানো হয় মিছিল থেকে। "চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে"-স্লোগানও দেন মিছিলে সামিল প্রতিবাদীরা। জয় শ্রী রাম ধ্বনিও দিতে শোনা যায় তাঁদের।

প্রতিবাদ মিছিলে সামিল এক সদস্য এদিন বলেন, "শান্তিতে নোবেলজয়ীই অশান্তি ছড়াচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন। কিন্তু মৌলবাদী ইউনূসের (Muhammad Yunus) সরকার তাঁকে বিনা দোষে গ্রেফতার করে জামিন পর্যন্ত খারিজ করে দেয়। ইউনূস নাকি শান্তিপ্রিয়, তিনিই মৌলবাদীদের সমর্থন করে অশান্তি চড়াচ্ছেন।"
মিছিলে সামিল শক্তিগড় শ্রীকৃষ্ণ গৌড়ীয় মঠের এক সন্ন্যাসী বলেন, "হিন্দুদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে (Bangladesh)। পঞ্চগড়ে আমাদের মহারাজ আহ্নিক করার সময় তার গলা কেটে দেওয়া হয়। বাংলাদেশের মঠ ও মন্দিরে নিয়মিত হামলা চলছে। বাংলাদেশ থেকে শিক্ষা না নিলে এদেশেও একদিন এরকম হতে পারে। তাই সকলকে প্রতিবাদের আহ্বান জানাচ্ছি।"
এদিন মহকুমাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেন হিন্দু সংগঠনগুলির প্রতিনিধিরা। মিছিলকে কেন্দ্র করে শিলিগুড়িতে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠল শহর কলকাতাও।
শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের (Deputy High Commission) অফিস পর্যন্ত মিছিলে উত্তপ্ত হল রাজপথ। ব্যারিকেড দিয়ে প্রতিবাদীদের আটকায় পুলিশ। ব্যারিকেডের নিচে চাপা পড়ে জখম হন বেশ কয়েকজন। ধস্তাধস্তিতে কলকাতা পুলিশের এক আধিকারিকও আহত হন।












Click it and Unblock the Notifications