মালদহে ফুঁসছে মহানন্দা, বহু বাড়িতে নদীর জল ঢুকেছে
বাড়ির চৌকাটে এসে পৌঁছেছে মহানন্দা নদীর জল। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে এলাকার কয়েকশো বাড়ি। দুশ্চিন্তা, আতঙ্ক আর প্রাণভয়। এই অবস্থাতেই রয়েছেন নদীর পাড়ের বাসিন্দারা।
মালদহ জেলার ইংলিশ বাজার এলাকায় এখন দুশ্চিন্তার ছবি ধরা পড়ছে৷ প্রশাসনের পক্ষ থেকে সাহায্য আসেনি। রবিবার সকালে একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ফুলাহার ও গঙ্গা নদীতে ভয়াবহ ভাঙন চলছে৷ এবার মহানন্দা নদী নিয়েও দুশ্চিন্তায়।

পাহাড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে মালদহতেও কয়েক দিন বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের নদীর থেকেও জল নামছে। ফলে মহানন্দার জলস্তর বাড়তে শুরু করেছে। জলমগ্ন হওয়ার আশঙ্কা ইংলিশ বাজার পুরসভার ৮, ৯, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর চরে বসবাসকারী কয়েকশো পরিবারের।
কারও বাড়ির ভেতর, আবার কারও বাড়ির উঠোনে এসে পৌঁছেছে নদীর জল। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। তবে এখনও পুরসভার পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় থাকার কোনও ব্যবস্থা করা হয়নি। তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তারা।
আবার অনেকের অভিযোগ, প্রতি বছরই বর্ষা এলে তাদের ডুবতে হয়। সরকারিভাবে তাদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হলে ভালো হয়। তিন বছর আগে একবার মাপজোক হয়েছিল। তারপর ভোট আসে ভোট যায়। কেবল প্রতিশ্রুতিই মেলে। অভিযোগ নদীচরের বাসিন্দাদের।
বৃষ্টিতে মহানন্দার জল অনেকটাই বেড়েছে। নদীর তীরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে অবস্থা খুব খারাপ। তাদের প্রয়োজনীয় ত্রিপল দরকার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার। কিন্তু পুরসভার পক্ষ থেকে তেমনটা কিছুই করা হয়নি। কটাক্ষ ইংলিশ বাজার পুরসভার বিরোধী দল নেতা অম্লান ভাদুড়ীর।
যা যা করি প্রতি বছর, এই বছরও করব। মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন ফ্লাড সেন্টারের জন্য। কাজ শেষ পর্যায়ে আছে। সেখানেই বানভাসীদের রাখা হবে মন্তব্য ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।












Click it and Unblock the Notifications