Lok Sabha Election 2024: বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকা! আঁতাত বলল তৃণমূল
Lok Sabha Election 2024: শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ চড়ছে! সামনেই প্রথম দফার নির্বাচন। এর মধ্যেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। আর তার আগে শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র, মন্ত্রী তথা প্রবীন বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে ঝলানো হল বিজেপির পতাকা। আর সেই পতাকা ঝোলানো ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
আর সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বামেদের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে বলে অভিযোগ রয়েছে শিলিগুড়ি পুরনিগমের বর্তমান মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব।

শিলিগুড়ির মেয়র পোস্টে লিখছেন, এটা সিপিআইএম বিজেপির বৃহত্তর ঐক্যের প্রতীক? সেই পোস্টে ভরে গিয়েছে নানান কমেন্টে। আর তাতেই বেজায় চটেছেন অশোক ভট্টাচার্য। পালটা গৌতম দেবকে বিকৃত রুচিসম্পন্ন অপরিপক্ক রাজনীতিবিদ বলে পাল্টা কটাক্ষ করেছেন। পাশাপাশি কেন তাঁর বাড়িতে বিজেপির পতাকা লাগানো হল সেই বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হবেন বলেও জানিয়েছেন অশোক ভট্টাচার্য।
যদিও এই বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে পালটা মন্তব্য করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর দাবি, এই বিষয় নিয়ে রাজনীতি করাটা উচু দরের রুচিশীল রাজনীতির পরিচয় নয়। তবে বিজেপির তরফে এই পতাকা লাগানো হয়েছে কিনা তা তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
অশোক ভট্টাচার্য এদিন জানান, তিনি প্রথমে জানাতেন না যে বাড়িতে বিজেপি পতাকা ঝুলছে। পরে জানতে পেরে সেই পতাকা তিনি খুলে ফেলে দেন। তবে একজন বাম নেতার বাড়িতে অন্য দলের পতাকা বিনা অনুমতিতে কেন লাগানো হল এই প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ শানান বর্ষীয়ান বামনেতা। কার্যত এই বিষয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকেও হুঁশিয়ারি দেন।
পাশাপাশি গৌতম দেবের এমন পোস্টের করা সমালোচনা করে তাকে, বিকৃত রুচিসম্পন্ন ও অপরিপক্ক রাজনীতিবিদ বলে কটাক্ষ করেন। গৌতম দেবও ছেড়ে দেবার পাত্র নন। তিনিও স্পষ্ট জানান, একসময় শিলিগুড়ি মডেলের হোতা ছিলেন তিনি। তখন তিনি তৃণমূল বিরোধী সব দলকে এক করেছিলেন।
তার মধ্যে বিজেপিও ছিল। সেই মডেল চলছে এখন সেটা প্রকাশ্য দিবালোকে চলে এসেছে এখন কেন তিনি লজ্জ্বায় মুখ লুকাতে চাইছেন। উনি সগর্বে বলুন আমি শিলিগুড়ি মডেলের জনক সেই ট্র্যাডিশন চলছে। গৌতম দেবের দাবি, এটা শিলিগুড়ি মডেলেরই রেপ্লিকা। তার কথয়, অশোক ভট্টাচার্যের রাজনৈতিক দ্বিচারিতার জন্য মানুষ তাকে সমুচিত জবাব দিয়েছে।












Click it and Unblock the Notifications