ট্রাকের উপরে লুকিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, গ্রেফতার ব্যক্তি
অশান্ত বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের সীমান্তে কড়া পাহারা রয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি চলছে। তার মধ্যেও অনুপ্রবেশ আটকানো গেল না৷ পণ্যবাহী গাড়িতে উঠে এদেশে চলে এল এক ব্যক্তি।
পণ্য খালাস করে সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে এসেছিল গাড়ি। সেই গাড়িতেই উদ্ধার এক বাংলাদেশি যুবক। অশান্ত বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এই ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা ওই ব্যক্তি। তার নাম মহম্মদ ডব্লু শেখ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বুধবার স্বাভাবিক হয়েছে আমদানি রফতানি। রফতানিকারী সেই গাড়িগুলি তাদের পণ্য খালাস করে ফিরে আসছে। সেই রকম একটি গাড়িতেই এ দিন ওই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ঘটনায় আটক করা হয়েছে ওই লরির চালককেও।
এদিন বাংলাদেশের পানামা বন্দরে পণ্য খালাস করে ফিরছিল একটি ভারতীয় লরি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঢোকা সেই গাড়িতে নিয়ম মাফিক তল্লাশি চালায় প্রহরারত বিএসএফ জওয়ানরা। তখনই লরির হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে থাকা ওই ব্যক্তিকে দেখা যায়। বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তিকে আটক করা হয়। ঠিক কী কারণে ওই ধৃত ভারতে প্রবেশ করেছে। তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এই আশঙ্কার কথা বিএসএফের কাছে রয়েছে। সেই কারণে বিভিন্ন জায়গায় নিরাপত্তা কঠোর করা হয়েছে। পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে আরও বেশি। জলপাইগুড়ির সীমান্ত দিয়ে অবৈধভাবে ৬০০ জনের বেশি বাংলাদেশি দিন দুয়েক আগে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। বিএসএস তাদের আটকে দেয়।
বাংলাদেশে ভয়াবহ হিংসা চলছে। বহু মানুষ খুন হচ্ছেন। লুটপাট চলছে। সংখ্যালঘুরা সেই দেশে আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আসতে পারে। এই আশঙ্কার কথা আগে থেকেই মনে করা হয়েছে। এছাড় জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। সেই বিষয়েও নজরে রেখেছে বিএসএফ।












Click it and Unblock the Notifications