Malda: ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে ‘ধর্ষণ’ সিভিক ভলান্টিয়ারের! অভিযোগ নিতে পুলিশি গড়িমসির অভিযোগ
Malda Rape Allegation: এবার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। কালীপুজোর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে (Habibpur)। প্রথমে অভিযোগ নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ। এমনকি অভিযোগ না তুলে নিলে নির্যাতিতার পরিবারকে প্রাণনাশের হুমকি (Murder Threat) দেওয়া হয় বলেও দাবি।
নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, হবিবপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতে কালীপুজোর রাতে ঘরে কাপড় বদলানোর সময় হঠাৎই ঢুকে পড়ে স্থানীয় সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল। মহিলাকে টানা হেঁচড়া করে মুখ হাত চেপে ধরে বিবস্ত্র করে ওই সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে ঘরে লোকজন এসে পড়লে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি।

এরপর হবিবপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ নির্যাতিতা গৃহবধূর। পরে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে পুলিশ অভিযোগ নেয় বলে জানান তিনি। সোমবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান নির্যাতিতা। পুলিশ সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন বলেও জানান নির্যাতিতা।
তবে পুলিশে অভিযোগ দায়েরের পর এখনও কোনও পদক্ষেপ হয়নি বলে অভিযোগ গৃহবধূর। উপরন্তু থানায় অভিযোগ না তুললে গৃহবধূর পরিবারকে উল্টে ওই সিভিক খুনের হুমকিও দেয় বলে দাবি। ঘটনার পর নির্যাতিতার বাবা-মায়ের উপর লাঠি-রড নিয়ে অভিযুক্ত চড়াও হয় বলে দাবি।
গোটা ঘটনা মিথ্যে বলে দাবি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের। ঘটনার সময় তিনি মন্দিরে স্ত্রীকে নিয়ে পুজোয় ব্যস্ত ছিলেন বলে জানান সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল। তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন ওই সিভিক।
ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। তিনি বলেন, "ভারতে ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে।" সিভিক ভলান্টিয়ার অভিযুক্ত হওয়ায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে দাবি করেন তিনি। পাল্টা সরব হয়েছেন তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডুও। তিনি বলেন, "পুলিশকে তদন্ত করতে দিতে হবে। বিজেপির যত কম কথা বলে ততই ভালো।"












Click it and Unblock the Notifications