ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই অশান্তি সাগরদিঘিতে, ৫৩ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার বদল
সাগরদিঘি উপনির্বাচনে একাধিক জায়গায় অশান্তির খবর
মেঘালয় নাগাল্যান্ডের পাশাপাশি আজ রাজ্যের সাগরদিঘিতেও উপনির্বাচন হচ্ছে। ভোট শুরু কয়েকঘণ্টার মধ্যেই একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। সরিয়ে দেওয়া হয়েছে ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে। নির্বাচন কমিশনের নির্দেশের পরেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সাগরদিঘিতে উপনির্বাচন
আজ রাজ্যের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন। তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন করা হচ্ছে এখানে। এই কেন্দ্রে মোট ২ লক্ষ ৪৫ হাজার ৮২৪৫ জন ভোটার রযেছেন। তার মধ্যে ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন মহিলা ভোটার। মোট ২৪৬ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এবারে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হন বলে জানা গিয়েছে।

প্রিসাইডিং অফিসার বদল
ভোট সকালের দিকে নির্বিঘ্নে শুরু হলেও বেলা গড়াতেই অশান্তির ছবি ধরা পড়েছে। একাধিক বুথ থেকে অশান্তির খবর আসতে শুরু করে। এদিকে সকালেই সাগরদিঘি বিধানসভার ডাংরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন সেকারণে বেশ কিছুক্ষণ এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। তারপরে আবার নতুন অফিসার এলে ভোট গ্রহণ শুরু হয়।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ
সাগরদিঘির একাধিক বুথে সকাল থেকেই অশান্তির খবর আসতে শুরু করেছে। বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করা হয়েছে। সাগরদিঘির সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কেন প্রার্থী রাজ্য পুলিশকে বের করে দিয়েছে জানতে রিপোর্ট তলব কমিশনের। সাধারণত রাজ্য পুলিশ লাইন ঠিক করার দায়িত্বে থাকে। ২০০ মিটারের বাইরে থাকার কোন নিয়ম নেই। গহটনা জানতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

নিরাপত্তায় জোর
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সাগরদিঘিতে ভোটগ্রহণ চলছে। রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। থাকছেন মাইক্রো অবজারভার। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকছে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।












Click it and Unblock the Notifications