Panchayat Election Results 2023: বায়রন অভিষেকের হাতে যেতেই ফের 'ম্যাজিক'! মান গেল আত্মবিশ্বাসী কংগ্রেসের
Panchayat Election Results 2023: সাগরদিঘিতে ফের একবার 'বায়রন ম্যাজিক'। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন বায়রন। 'সাগরদিঘি মডেল'কে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোট গোটা জেলা জুড়ে প্রচার করলেও তেমনভাবে কাজে এল না তাদের কৌশল।
উল্টোদিকে 'বায়রন ম্যাজিকে' উপনির্বাচনে হেরে যাওয়ার কয়েক মাসের মধ্যে ফের সাগরদিঘি 'দখল' করে নিল তৃণমূল কংগ্রেস। চার মাসের মধ্যে হারানো জায়গা ফিরে পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নেতৃত্বাধীন' তৃণমূল কংগ্রেস।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭ টি গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। চারটি গ্রাম পঞ্চায়েতে কোনও রাজনৈতিক দলই একক গরিষ্ঠতা পায়নি। তবে সেখানে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে এখানে বাম-কংগ্রেসের মধ্যে কোনও জোটই হয়নি ( Panchayat Election Results 2023)।
প্রসঙ্গত উল্লেখ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে সেখানের ১১ টি পঞ্চায়েতের মধ্যে ১০ টি পঞ্চায়েত এলাকাতে পিছিয়ে ছিল শাসক দল, তৃণমূল। একটি পঞ্চায়েতে তৃণমূল ও কংগ্রেস সমান সংখ্যক ভোট পেয়েছিল।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাগরদিঘি ব্লক সভাপতি এবং দলের জঙ্গিপুর সংগঠনিক জেলার বর্তমান সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বারালা, গোবর্ধনডাঙ্গা, মনিগ্রাম, মোড়গ্রাম, বোখরা-২ , বন্যেশ্বর এবং সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাটকেলডাঙা ,বোখারা -১, বলিয়া এবং কাবিলপুরে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্য নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচার সেরেছেন। কংগ্রেসের কাছে হারানো জমি পুনরায় ফিরিয়ে আনতে পেরে তার সমস্ত কৃতিত্বই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বায়রন।
সাগরদিঘির বিধায়ক বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' কর্মসূচির পর দলীয় কর্মীরা প্রচন্ড উদ্বুদ্ধ হয়েছিল ( Panchayat Election Results 2023) । এর পাশাপাশি তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রচুর কংগ্রেস এবং বাম কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাদের সবার ভোট তৃণমূল প্রার্থীদের পক্ষে গিয়েছে।
তিনি আরও বলেন, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস যে ফলাফল করতে পেরেছিল তা তারা ধরে রাখতে পারেনি। কংগ্রেসের ভোটব্যাঙ্ক পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই তৃণমূলের দিকে চলে গিয়েছে। এমন কী সেখানকার বাম ভোট ব্যাঙ্কও তাদের দিকে গিয়েছে, দাবি বায়রনের।
তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ( Panchayat Election Results 2023) সম্পূর্ণ প্রকাশ হয়ে যাওয়ার পর বাম এবং কংগ্রেস থেকে প্রচুর লোকজন আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এখন তাঁর লক্ষ্য দলের সব স্তরের জয়ী প্রার্থীদেরকে নিয়ে সাগরদিঘির উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করা।












Click it and Unblock the Notifications