নদিয়ায় ২০ দিনের মধ্যে তৃণমূল পার্টি অফিস সরিয়ে জমি ফিরিয়ে দিতে হবে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
জমি জবরদখল করে পার্টি অফিস করেছিল তৃণমূল। জমির মালিক অনেক বার জমি ফিরিয়ে দিতে বলেন। কিন্তু কানে নেননি স্থানীয় তৃণমূল নেতা - কর্মীরা। এবার সেই জমিই তৃণমূলকে ফিরিয়ে দিতে হবে। তাও আবার ২০ দিনের মধ্যে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
ঘটনাটি নদিয়ার পলাশিপাড়ায়৷ স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছিল না। জমির মালিক বিচারের আশায় শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। মঙ্গলবার কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

নদিয়ার পলাশীপাড়ায় জমি দখল করে তৃণমূলের পার্টি অফিসের অভিযোগ। ২০ দিনের মধ্যে ওই কার্যালয় সরিয়ে জমির মালিককে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় বিএলএলআরওকে এই দায়িত্ব দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
জমি চিহ্নিত করে জমির মালিকের নির্দিষ্ট জমি ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে, প্রশ্ন তুলে আদালত জানতে চেয়েছে, ওই নির্মাণ করার অনুমতি কে দিল? আদালতে তাও দেখাতে হবে। এই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মামলাকারীর হয়ে লড়ছেন আইনজীবী তন্ময় বসু। তিনি জানান, তাঁর মক্কেল অনুশ্রী ঘোষ চৌধুরী দোকান করবে বলে একটি জমি কিনেছিলেন। কিন্তু পরে সেটি দখল করে পার্টি অফিস তৈরি হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আবেদনকারী।
দীর্ঘ দিন ধরে জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ঘুরছেন ওই মহিলা। এমনকী ওই জমি ফেরত নিতে হলে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। এমন মারাত্মক অভিযোগ উঠেছে। এরপরই উপায় না দেখে কলকাতা হাইকোর্টে মামলা।
যদিও আদালতে প্রধান ও জেলা পরিষদের সদস্যদের যুক্তি জমিটি ফাঁকা পড়েছিল। তাই পার্টি অফিস তৈরি করা হয়েছে। তার প্রেক্ষিতেই নির্মাণের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।












Click it and Unblock the Notifications