বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠতা রেশন ডিলার নিতাই ঘোষের? রাণাঘাটের অট্টালিকায় ইডির তল্লাশি
রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকদের। রেশন ডিলার থেকে কত আয় তার? সেই নিয়ে বহুবিধ চর্চা আছে এলাকায়। নদিয়ার রাণাঘাটের স্ট্যান্ড রোডের পাশের ওই বাড়ির উপরের এখন নজর।
বাকিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই ন্যায্য মূল্যের রেশন ডিলারের। অভিযোগ, নিতাই ঘোষের দোকান থেকে রেশনের মাল বাইরে চলে যেত। চিনি, চাল, গম সহ অন্যান্য সামগ্রী বেশি দামে বাইরে চলে যেত দীর্ঘ সময় ধরে। বাকিবুরের সঙ্গে কতটা সখ্যতা ওই ব্যক্তির? সেই তথ্যই জানতে চাইছে ইডি।

সকাল থেকে নিতাই ঘোষের দোকান ও বাড়িতে তল্লাশি অভিযান চলছে। প্রথমে দোকানে হানা দেন আধিকারিকরা। একটি দল তার বাড়িতেও পৌঁছে যান। বাড়ি নয়, এ যেন এক বিশাল অট্টালিকা। সেখানেই কি তাহলে রয়েছে সূত্র? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারায় রয়েছেন। ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, বাকিবুর রহমানের সঙ্গে নিতাই ঘোষের পরিচয় ভালোই ছিল৷ বাকিবুর রহমানের চালকল, আটাকল আছে নদিয়ায়। সেখানেও নিতাইয়ের যাতায়াত ছিল। এমনই জানতে পারছেন তদন্তকারীরা। বাকিবুর সম্পর্কে কি আরও তথ্য নিতাইয়ের থেকে পাওয়া যাবে? রেশন বণ্টন দুর্নীতিতে এই ডিলার কতটা যুক্ত? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় সিদ্ধেশ্বর বিশ্বাস নামে আরেক রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সেখানেও তল্লাশি অভিযান চলছে। এই ব্যক্তির নামেও একাধিক অভিযোগ শোনা গিয়েছে। সেইসব কিছুর ভিত্তিতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
প্রশ্ন হচ্ছে, নিতাই সাহা ও সিদ্ধেশ্বর বিশ্বাসের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা বাকিবুর রহমানের? তদন্তকারীরা মনে করছেন, একাধিক রেশন ডিলার এই দুর্নীতির গভীরে আছেন। তাদের মাধ্যমে খোলা বাজারে রেশনের জিনিসপত্র চলে যেত। এই দুই ব্যক্তি কি সেই তালিকাতেই আছেন?
রাজ্যে রেশন দুর্নীতি-কান্ডে এবার ইডি'র হানা হাওড়ায়। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানা এলাকার জালান কমপ্লেক্সের ব্লক-৩ এর একটি চাল ও আটা মিলে ইডির দল হানা দেয়। পুরো কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুর গড়িয়ে গেলেও অভিযান শেষ হয়নি বলে খবর।
জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরেই এই মিলের হদিশ পায় ইডি। এখান থেকে রেশনে দেওয়ার জন্য চাল ও আটা সরবরাহ করা হত বলে জানা গিয়েছে। অঙ্গনওয়ারি স্কুলের শিশুদের খাবারও সরবরাহ হত এখান থেকেই।












Click it and Unblock the Notifications