ভাইয়ের জন্য বোন কীভাবে এগিয়ে এল! তৃণমূল-বিজেপির জোট শুভ হোক, বললেন অধীর
আসলে তৃণমূল ও বিজেপি আঁতাত গড়ে চলছে। তা বারেবারে প্রমাণিত হয়েছে। বললেন অধীর চৌধুরী।
তৃণমূল ও বিজেপির গোপন আঁতাত নিয়ে ফরে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেন, মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল ও বিজেপির এই গোপন আঁতাত। ফলে তাঁরাই জবাব দেবেন।

গোপন আঁতাতের নমুনা
এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব উঠেছিল। বিরোধী দলনেতার হয়ে ক্ষমা চেয়ে সেই সাসপেনশন প্রস্তাব খারিজের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে উল্লেখ করে অধীর চৌধুরী কটাক্ষ করলেন। তিনি বলেন, এটা একটি গোপন আঁতাতের নমুনা।

তৃণমূল ও বিজেপির আঁতাত
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আজকে বিজেপি নেতার জন্য বিধানসভায় ক্ষমা চেয়ে দিদি তাঁকে রক্ষা করেছেন। এই ঘটনায় ভাইয়ের জন্য বোন কীভাবে এগিয়ে এসেছেন, সেটা আপনারাই দেখুন। আপনারাই এরপর বিচার করুন। আমরা যে অভিযোগ করি, তা কতদূর সত্য। আসলে তৃণমূল ও বিজেপি আঁতাত গড়ে চলছে। তা বারেবারে প্রমাণিত হয়েছে।

তৃণমূল ও বিজেপির ‘শুভ’ জোট
অধীর চৌধুরী এদিন কটাক্ষের সুরে বলেন, তৃণমূল ও বিজেপির 'শুভ' জোট হয়েছে। তাদের জোট শুভ হোক। আর তৃণমূল এবং বিজেপির এই শুভ জোট ক'টা ভোট পায় সেটা নিয়ে সময় কথা বলবে। রাজ্যের হাতে এখন টাকা নেই ফলে খাজনার থেকে বাজনা বেশি।

ভোটের বাজার দিদির খাতির ভাইকে
অধীর চৌধুরী বলেন, এখন ভোটের বাজার দিদি খাতির করার চেষ্টা করছেন বিজেপি নেতাদের। বিরোধী দলনেতার সমর্থনে কথা বলছেন মুখ্যমন্ত্রী। তারপর রাজ্যের মানুষ আজ দিশেহারা। আজকে চাকরি নেই, রুটি রোজগার নেই, শিল্প নেই, কিছু নেই। সাগরদিঘিতে ভোটের প্রচারে গিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্যোে পাধ্যায়কে এক হাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

খুব ভালো সাড়া পাচ্ছি মানুষের
তিনি বলেন, সাগরদিঘিতে প্রচারে এসে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ এখানে কংগ্রেসের ডাকে সাড়া দিচ্ছেন। মানুষ ভোট দিতে চাইছেন, চাইছেন পরিবর্তন ঘটাতে। ফলে তৃণমূল এখানে বাধা দেবে, সন্ত্রাস করবে। ভোটে জিততে পুলিশের মদত নেবে। কিন্তু আমরা এখানে কেউ ছেড়ে কথা বলব না।

পাখির চোখ করেছে কংগ্রেস
আমরা শেষ পর্যন্ত লড়াই চালাব। মানুষকে বলেছি সাহস রাখতে। বুথে আসুন ভোট দিন। মানুষ ভোট দিতে পারলে, তৃণমূল হারবেই। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে এবার পাখির চোখ করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রচারে তাই ঝাঁপিয়ে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী।

কংগ্রেসের প্রাথমিক লক্ষ্য
২০২১-এর বিধানসভায় কংগ্রেস একটি আসনও দখল করতে পারেনি। তাই সাগরদিঘি আসনে তারা জয় হাসিল করতে চাইছে। তৃণমূল ও বিজেপিকে হারিয়ে সাগরদিঘিতে জয় তুলে নেওয়াই কংগ্রেসের প্রাথমিক লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণ করে কংগ্রেস আবার বাংলায় প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications