'অধিকারী গড়' মেদিনীপুরের বুকে মমতা-ঝড়! একনজরে এলাকার বিভিন্ন আসনের রাজনৈতিক পটচিত্র
'অধিকারী গড়' মেদিনীপুরের বুকে মমতা-ঝড়! একনজরে বিভিন্ন আসনের রাজনৈতিক পটচিত্র
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর ভোট যুদ্ধের অধ্যায় 'নন্দী-মঙ্গল কাব্যে'র একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বের প্রথম থেকেই বলা হয়েছে মেদিনীপুর কার্যত 'অধিকারীগড়'। শিশির থেকে শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দুদের জনপ্রিয়তার নিরিখে এলাকাকে অধিকারীগড় বলে দাবি করা হয়। তবে ২০২১ নির্বাচনের পর সেই এলাকায় তৃণমূলের দাপট 'অধিকারী গড়' তকমা নিয়ে বহু প্রশ্ন তুলছে। এদিকে, দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু দাবি করেছিলেন তিনি আর দিলীপ ঘোষ হাতে হাত মিলিয়েছেন, ফলে বালুমাটি আর লালমাটি মিলে একত্রে মেদিনীপুরের বুকে ৩৫-০ ফল বিজেপির পক্ষে নিয়ে আসবেন। সেই জায়গা থেকে মেদিনীপুরের ভোট অঙ্ক একনজরে।

নন্দীগ্রাম ও মমতার স্ট্র্যাটেজি
মূলত, নন্দীগ্রামে মমতার লড়াইয়ের নেপথ্যে পিকের সফল স্ট্র্যাটেজি কিস্তিমাত করেছে। সূত্রের দাবি, শুভেন্দুকে আটকাতেই মমতা নন্দীগ্রাম বেছে নেন। স্ট্র্যটেজি মতো , শুভেন্দুর বিরুদ্ধে মমতার মতো হেভিওয়েট দাঁড়ালেই একমাত্র শুভেন্দু নন্দীগ্রামে ফোকাস বাড়িয়ে দেবেন , এমনটা ভেবেই তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক এগিয়ে যায় । ফলে মেদিনীপুরের বাকি আসনে নন্দীগ্রামের দাপুটে নেতা সেভাবে আর নজর দিতে পারবেন না ।এমন রণকৌশল নিয়েই শুভেন্দুর বিরুদ্ধে হেভিওয়েট হিসাবে খোদ মমতা ভোট যুদ্ধে নামেন। 'লিডিং ফ্রম দ্য ফ্রন্ট' স্ট্র্যাটেজিতে দিদি নন্দীগ্রাম নিয়ে কার্যত শুভেন্দুকে ব্লক করার লড়াকু ইনিংস খেলতে শুরু করেন। এমনই মত বহু সূত্রের।

শুভেন্দু-ম্যাজিক ও রাজনীতি
বালুমাটির শুভেন্দুর এলাকা পূর্ব মেদিনীপুর। এখানে অধিকারী পরিবারের দাপট বহুকালের। এখানের রাজনীতিতে কাঁথির এই পরিবার একটি বড় ভূমিকা পালন করেছে বহু বছর ধরে। সেই জায়গা থেকে তৃণমূলে শুভেন্দু থাকাকালীন মেদিনীপুরে যে প্রবল সাফল্য মমতা শিবিরে আসে, তার শ্রেয় যায় শুভেন্দুর রণকৌশলের কাছে। আর এই নিরিখে মনে করা হয়েছিল যে ২০২১ বিধানসভা নির্বাচনে সেই শুভেন্দু-ম্যাজিক দেখতে পাবে পূর্ব মেদিনীপুরের বিজেপি। এছাড়া শুভেন্দু নিজেও দাবি করেন, 'উইদ্যাউট শুভেন্দু আর উইথ শুভেন্দুর তৃণমূলে' ফারাক এবারের ভোটে স্পষ্ট হবে।

পূর্ব মেদিনীপুরের ফলাফল
শুভেন্দুর গড়, পূর্ব মেদিনীপুরের বুকে তৃণমূল আসন পেয়েছে পশ্চিম পাঁশকুড়া, মহিষাদল, নন্দকুমার, তমলুক, পূর্ব পাঁশকুড়া, চণ্ডিপুর, এগরা, রামনগর ও পটাশপুর৷ হাইভোল্টেজ নন্দীগ্রামে বিজেপির জয় ছাড়াদক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, ভগবানপুর, খেজুরি, ময়না, হলদিয়ায় উড়েছে গেরুয়া বিজয় নিশান।

পশ্চিম মেদিনীপুরের ভোট চিত্র
লাল মাটির দিলীপ ঘোশের এলাকা পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের বুকে , মেদিনীপুর কেন্দ্র ,শালবনি, গড়বেতা, কেশপুর, চন্দ্রকোণা, দাসপুর, খড়গপুর, কেশিয়াড়ি, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড় ও দাঁতনে তৃণমূল জয় পেয়েছে। সেই জায়গা থেকে বিজেপি পেয়েছে শুধু খড়গপুর সদর ও ঘাটাল কেন্দ্র। ফলে বিজেপি যে এখানে ব্যাকফুটে , তা বলাই বাহুল্য।

ঝাড়গ্রাম
ঝাড়গ্রামের বুকে তৃণমূল কার্যত ১০০ শতাংশ স্ট্রাইক রেট ধরে রেখেছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনয়পুর আসন দখল করেছে মমতা শিবির। ফলে সেই জায়গা থেকে মেদিনীপুর জুড়ে কার্যত শুধু ঘাসফুলের বিজয় নিশান উড়িয়েছে।












Click it and Unblock the Notifications