পর্দা ঢাকা বাসের পরে আরও অভিনব কায়দায় গরু পাচার! সৌমেন্দু অধিকারীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার পূর্ব বর্ধমানে পর্দা ঢাকা বাসের মধ্যে করে গরু পাচারের অভিযোগ সামনে এসেছিল। মেমারির চকদিঘিতে একটি গরু বাস থেকে জিটি রোডে পড়তেই বিষয়টি জানাজানি হয়। এবার আরও অভিনব পন্থায় গরুপাচার ধরা পড়ল রাজ্যের অপর জেলা পূর্ব মেদিনীপুরে।
গরু পাচার কাণ্ডে তিহাড় জেলে বন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে রাজ্য জুড়ে যে গরু পাচার কমেনি, তা সামনে আসছে প্রতিদিন একের পর এক অভিনব পন্থায় গরু পাচারে। যেমন এদিনের ছবিটা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার ও পর দিয়ে বিস্তৃত ১১৬ নম্বর জাতীয় সড়কের। পুলিশের হাত থেকে বাঁচতে তেলের ট্যাঙ্কারের ভেতরে চলছে গরু পাচার।

পুলিশ সুত্রে খবর, একটি ইন্ডিয়ান অয়েল লেখা একটি তেলের ট্যাঙ্কার হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে বেগ বাড়িয়ে পালিয়ে যায় সেটি। কিন্তু ভূপতিনগর থানার পুলিশ তখনই রীতিমতো ধাওয়া করে ইটাবেড়িয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে।
তেল ট্যাঙ্কার খুলে চক্ষু চড়ক গাছ পুলিশের। তেল ট্যাঙ্করের মধ্যে নেই তেল। রয়েছে অনেকগুলি গরু ও ষাঁড়। এই ঘটনায় গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝাই তেল ট্যাঙ্কারটিকে।
এর আগে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে গরু পাচারের ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। তারপর তেলের ট্যাঙ্কারের মধ্যে গরু পাচারের এই ঘটনা সামনে আসার পরে বোঝাই যাচ্ছে রাজ্যে গরু পাচার চক্রের শিকড় ঠিক কতটা গভীরে।
এই খবর প্রকাশ্যে আসতেই কোথা থেকে এই গরুগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের পিছনে কারা কারা, তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেছেন, এইভাবে তেলের ট্যাঙ্কারে গরু পাচার হচ্ছে তৃণমূল নেতার নির্দেশে। কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার পর থেকে এইভাবে অভিনব উপায়ে গরু পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications