Medinipur: ‘বিষাক্ত’ স্যালাইনের জের! অসুস্থ প্রসূতির শিশুপুত্রের মৃত্যু, CBI তদন্ত দাবি
Saline Case: বিষাক্ত স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical college) চিকিৎসাধীন অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু হল। জন্মের পর থেকেই হাসপাতালের এসএনসিইউতে ভর্তি ছিল সদ্যোজাত (Newborn dies)। রেখা সামান্য সুস্থ হলেও বাঁচানো গেল না একরত্তিকে।
কিডনির সংক্রমণ ও জন্ডিস সহ একাধিক রোগে ভুগছিল সে। বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে মৃত্যু হয় ওই প্রসূতির সদ্যোজাতের শিশু সন্তানের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন মৃত শিশুর বাবা।

মৃত শিশুর বাবা তথা রেখা সাউয়ের স্বামী জানান, "আমার স্ত্রীকেও আগে স্যালাইন দিয়েছিল। সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল। তার জন্যই মনে হয় ও অসুস্থ হয়ে পড়ে। তারই প্রভাব আমার শিশুর উপর পড়েছে। ঘটনার সিবিআই তদন্ত চাই।" তাঁর আরও অভিযোগ, সিজারের পর বাইরে থেকে স্যালাইন দেওয়ায় রেখা কিছুটা সুস্থ হয়েছেন। কিন্তু সিজারের আগে বিষাক্ত স্যালাইন দেওয়াতেই শিশুর মৃত্যু হয়েছে।
বিষাক্ত স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়ে। মামণি রুইদাস নামে এক প্রসূতি মারা যান। এসএসকেএম হাসপাতালে (SSKM hospital) চিকিৎসাধীন রয়েছেন তিন প্রসূতি। শেষ পাওয়া খবর অনুযায়ী, অসুস্থ মাম্পি সিংকে এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন মিনারা বিবি। বুধবার তাদের সিটি স্ক্যান করা হয়েছে।
তবে মেদিনীপুরের তিন প্রসূতির শারীরিক অবস্থাই এখনও আশঙ্কাজনক। বুধবার সাংবাদিক বৈঠকে এসএসকেএমের উপাধ্যক্ষ তথা চিকিৎসক পীযূষকুমার রায় বলেন, নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করার ট্রায়াল চলছে। সে এখনও ভেন্টিলেশনে রয়েছে। তবে প্রতিদিনই ওর ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে। বাকি ২ জনেরও প্রয়োজন মতো ডায়ালিসিস করা হচ্ছে।
বৃহস্পতিবার নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে বলে জানা গিয়েছে। আইটিইউ তিনে ভর্তি রয়েছেন তিনি। সিসিইউতে রয়েছেন বাকি ২ প্রসূতি। তাদের আজও ডায়ালিসিস দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মোটের উপর ৩ জনেরই অবস্থা ভালো নেই বলে জানাচ্ছেন ১৩ সদস্যের চিকিৎসকের টিম।












Click it and Unblock the Notifications