বাংলাদেশ পারল না, দিঘায় ইসকনকে বড় দায়িত্ব মমতার! সমুদ্রতটে এবার 'রথ দেখা কলা বেচা' একসঙ্গে
Mamata Banerjee: আরও এক ইতিহাসের মুখোমুখি বাংলা! আগামী অক্ষয় তৃতীয় দিন খুলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir)। গত কয়েক বছর ধরে সুবিশাল একটি মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রায় ২০ একর জায়গা জুড়ে সেই মন্দিরের কাজ একেবারে শেষ পর্যায়ে। আজ বুধবার সেই মন্দিরের কাজ সরজমিনে খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সেখানকার আধিকারিকদের সঙ্গেও।
কার্যত দীর্ঘ আলাপ আলোচনার পরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরের উদ্বোধন হবে। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ তিনমাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর যাবতীয় কাজ সামলে মন্দিরের উদ্বোধন হবে বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের। এজন্য নিম কাঠের বিগ্রহ তৈরি হচ্ছে।

থাকছে মার্বেল পাথরের জগন্নাথের মূর্তি। পাশাপাশি লক্ষ্মী মন্দির থেকে শুরু করে ভোগের জন্য আলাদা ঘর সহ একাধিক ব্যবস্থা। এমনকি প্রত্যেকদিন যাতে ঝাণ্ডা বদল সম্ভব হয় সেজন্য পুরী থেকে বিশেষ লোককেও আনা হচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে তিনি বলেন, এবার দিঘায় বড় করে রথ যাত্রা পালন হবে। সেই উপলক্ষ্যে আগেই এবার দিঘায় মুখ্যমন্ত্রী চলে আসবেন বলে জানিয়েছেন। থাকবেন ইসকন, সনাতন ট্রাস্ট সহ একাধিক ব্যক্তিত্বরাও। রথ জাত্রার উদ্বোধনে সোনার ঝাড়ু থাকে। আর সেটি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে এদিন বিশাল এই জগন্নাথ মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে দেওয়া হয়। যেখানে ১৩ জন থাকবে। মন্দির পরিচালনা থেকে শুরু করে বেশকয়েকটি ক্ষেত্রে বড় ভূমিকায় ইসকন থাকবে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যসচিব ট্রাস্টের নেতৃত্বে থাকবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করেন তাঁকেও ট্রাস্টের মধ্যে রাখার কথা বলা হয়েছে।
এছাড়াও মন্দির সহ দিঘা পর্যটন পরিচালনার ক্ষেত্রে একজন এডিএম থাকবেন বলেও জানান । তবে ট্রাস্টি বোর্ডে তিনি থাকছেন না বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। স্বেচ্ছাসেবী হিসাবেই থাকবেন বলে জানিয়েছেন। মমতার কথায়, এই মন্দিরকী ঘিরে দেশ এবং বিশ্বের বহু মানুষ আসবেন। বাংলার সমুদ্রতীরে অন্যতম তীর্থধাম হবে এই জগন্নাথ মন্দির। সমুদ্র উপভোগ করার পাশাপাশি জগন্নাথ ধামও দর্শন হয়ে যাবে। মমতার কথায়, সমুদ্রতটে এবার 'রথ দেখা কলা বেচা' একসঙ্গে হবে।
অন্যদিকে উদ্বোধনের দিন দেশ এবং বিদেশের কিছু মানুষকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী জানাবেন বলে জানিয়েছেন। তবে কাকে বলা হচ্ছে তা স্পষ্ট করেননি।












Click it and Unblock the Notifications