ফের বিতর্কে জড়ালেন কারামন্ত্রী, মহিলা সরকারি অফিসারকে হুমকি অখিল গিরির
ফের একবার কুকথা বলে বিতর্কে জড়ালেন অখিল গিরি। অভিযোগ, এদিন সরকারি অফিসারকে অপমানও করেন কারামন্ত্রী। যদিও নিজে মানতে নারাজ মন্ত্রী।
তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদফতরে জায়গায় দোকান বা ঘর গজিয়ে উঠেছে। আর তাতে বাধা দিতে গিয়েই মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে বচসায় জড়ালেন ফরেস্ট অফিসার মনীশা সাউ।

সরকারি জায়গা দখল
বনদফতরের অভিযোগ, বনদফতরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেইসব দোকান তলিয়ে যায়। পুনরায় শুক্রবার রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান করেন ওইসব ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে অখিল গিরি
এদিন বেলার দিকে বনদফতরের কর্মী ও আধিকারিকরা বিষয়টি নিয়ে বলতে গেই খবর পেয়ে ছুটে যান স্থানীয় রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সরকারি আধিকারিকের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান। সেই সময় বনদফতরের আধিকারিকরা বাধা দিতে গেলে তাঁদেরকে মন্ত্রীর হুমকির শিকার হতে হয়। অভিযোগ, এদিন মহিলা ফরেস্ট অফিসারকেও কুরচিকর মন্তব্য করেন মন্ত্রী অখিল গিরি।
মহিলা আধিকারিককে কু-কথা
সরকারি মহিলা আধিকারিককে হুঁশিয়ারি দিতে গিয়ে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বিতর্কিত শব্দ বা বাক্য ব্যবহার করেন। তিনি ফরেস্ট রেঞ্জারের উদ্দেশে বলেন সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন। সঙ্গে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে কী হয় দেখুন। তারপর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন এর ভিতরে যদি আপনি আসেন তাহলে আর ফিরে যেতে পারবেন না, তিনি দায়িত্ব নিয়ে বলছেন। এছাড়াও জানোয়ার ও বেয়াদপের মতো শব্দও ফরেস্ট রেঞ্জারের উদ্দেশে ছুঁড়ে দেন মন্ত্রী। মন্ত্রী ডান্ডা দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিয়ে বলেন রাতে বাড়ি ফিরতে পারবেন না।
আগেও বিতর্কে মন্ত্রী
এর আগে রাষ্ট্রপতি, রাজ্যপালকে নিয়ে কুকথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক অখিল গিরি। তৃণমূল নেতা শান্তনু সেন অবশ্য মন্ত্রীকে সংযত কথা বলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এরপরেও তিনি সংযত হওয়া তো দূর উল্টে ফের মহিলা সরকারি অফিসারকে কুরচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক অখিল গিরি।
আগের ঘটনার সেই ভুল থেকে যে অখিল গিরি কোনও শিক্ইষা নেননি তা আবারও স্পষ্ট হল শনিবারের ঘটনায়। শনিবারের ঘটনার পর দল অখিল গিরিকে নিয়ে কী অবস্থান নেয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications