Cyclone Dana : রামনগর, কাঁথির ২ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো চলছে, সতর্ক প্রশাসন
ক্রমশ শক্তিধর হয়ে উঠছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। আর দুশ্চিন্তা বাড়ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূল এলাকার। কারণ, ঠিক কোন জায়গায় ঘূর্ণিঝড় দানা আঘাত হানবে? সেই সম্পর্কে এখনও নিশ্চিত কোনও বার্তা পাওয়া যাচ্ছে না। তার গতিপথের দিকে নজর রাখা হচ্ছে। কাঁথি, রামনগর এলাকা থেকে দুই লক্ষ মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলের আবহাওয়া আরও বদলেছে। যত সময় এগিয়েছে পরিস্থিতি জটিল হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা বাড়তে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, রামনগর, কাঁথি এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের আঁচ পড়তে পারে। এই আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের সাগর থেকে ওড়িশার পুরী। এই অঞ্চলের মধ্যে কোনও এক জায়গায় ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়বে। সেক্ষেত্রে ওড়িশার বালাসোরের উপর আঘাত হানার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের উপর প্রভাব বেশি পড়ার আশঙ্কাও করা হচ্ছে। ফলে দিঘা, রামনগর, কাঁথির বিস্তীর্ণ এলাকা জুড়ে আরও সতর্ক জেলা প্রশাসন।
উপকূলীয় এলাকায় কড়া নজরদারি চলছে। মাইকিং চালানো হচ্ছে বুধবার সকাল থেকে। বেলার বাড়তেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি ক্রমে আরও খারাপ হবে। এ কথা বলাই বাহুল্য। প্রহর গুনছে বাংলা। ব্যাপক প্রভাব পড়তে পারে বঙ্গোপসাগর সমুদ্র সৈকতের জেলা পূর্ব মেদিনীপুরে।
কাঁথি, এগরা, রামনগর সহ সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় দুই লক্ষ মানুষকে নির্দিষ্ট সেল্টারে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এই সব অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে। এই আশঙ্কার কথা শোনা যাচ্ছে।
স্কুলগুলোতে আপদকালীন রেসকিউ সেন্টার তৈরি করা হয়েছে। জেলার একাধিক বিডিওদের এই সব সেন্টার দেখাশোনার দায়িত্বে রাখা হয়েছে।
গত মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র সৈকত দিঘায় আগত পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার থেকেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে।












Click it and Unblock the Notifications