BJP Supports TMC: বিজেপির সমর্থনে প্রধান জামাই! অস্বস্তিতে নন্দীগ্রামের নির্বাচনে মমতার এজেন্ট সুফিয়ান
BJP Supports TMC In Nandigram: নন্দীগ্রামে বড় চমক দিল বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ইন্ধন জুগিয়ে। যার জেরে মহম্মদপুর পঞ্চায়েতে প্রধান হতে পারলেন না তৃণমূলের শীর্ষস্তর থেকে পাঠানো তালিকার প্রধান পদপ্রার্থী।
রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সাফ কথা, আমাদের অবস্থান একই আছে নো ভোট টু মমতা। যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে সমর্থন না করতে।

মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১২টিতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ৬টি আসনে জেতে বিজেপি। পঞ্চায়েত বোর্ড গঠনের সময় তৃণমূলের তরফেই প্রধান পদে দু-জনের নাম প্রস্তাব করা হয়। অফিসিয়াল পদে প্রস্তাব হয় তৃণমূল প্রার্থী শাহানাজ আলি খানের নাম। অপরদিকে তৃণমূলের অপর পক্ষ শেখ হাবিবুল ওরফে শেখ নান্টুর নাম প্রস্তাব করা হয়।
নান্টু আবার শেখ সুফিয়ানের জামাই। যিনি নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। ভোটাভুটিতে তৃণমূলের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো সুফিয়ানের জামাই নান্টুকে সমর্থন করে বিজেপি। ফলে নান্টুর পক্ষে ভোট পড়ে ১২টি, অফিসিয়াল ক্যান্ডিডেটকে ৬টি ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়।
ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের অফিসিয়াল প্রার্থী। গোটা ঘটনা অস্বস্তি বাড়ায় তৃণমূলের। জামাই শেখ নান্টু প্রধান হওয়ার পিছনে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে সুফিয়ানের বিরুদ্ধে। সুফিয়ান বলেন, বিজেপির সমর্থনের কোনও গুরুত্বই নেই। ওরা অপপ্রচার করছে। কোনও যোগসাজশের ব্যাপার নেই। আমরা বেশি আসন পেয়েছি। আমাদের দলের প্রার্থীই প্রধান হয়েছেন।

ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বই ফের প্রকাশ্যে চলে এলো নন্দীগ্রামে। নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের কথায়, ভোটে জিতে যাঁরা সদস্য হন তাঁরা জনপ্রতিনিধি। সেখানে তৃণমূল, বিজেপি, সিপিআইএমের কোনও ব্যাপার নেই। সদস্যরা ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। বিজেপি নেতা মেঘনাদ পাল অবশ্য স্বীকার করেছেন, পার্টির নির্দেশ মেনে তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেটের বিরোধীকে ভোটদানের কথা।












Click it and Unblock the Notifications