১০ লক্ষ থেকে ১০ কোটি, আবার তিন কোটি! শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে এবার খোঁচা কুণালের
শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান নিয়ে শুরু হল তরজা। অধিকারী পরিবারের দিকে নাম না করেই খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আঁচে আরও বাতাস দিলেন কুণাল ঘোষ।
শিশির অধিকারীর সম্পত্তি কীভাবে বেড়েছে? আবার কমে গিয়েছে? কোন ম্যাজিকে এইসব হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যদিও শিশির অধিকারী তাঁর কোনও প্রশ্নের বা আক্রমণের উত্তর দিতে চাননি৷ তাই নিয়েও একটি ভিডিও বার্তায় খোঁচা দিয়েছেন কুণাল।

কুণাল ঘোষের একটি টুইট নিয়ে শোরগোল পড়ে যায়। কাঁথির সাংসদ শিশির অধিকারী নির্বাচন কমিশনকে ঘোষণাপত্র দিয়েছিলেন। সেই ঘোষণাপত্র তুলে ধরেছেন কুণাল। শুধু তাই নয়, সম্পত্তির পরিমাণের অঙ্ক তুলে খোঁচা দিয়েছেন তিনি।
কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কীভাবে ১০ লাখ থেকে ১০ কোটি? আবার ১০ কোটি থেকে ৩ কোটি? এ কি ম্যাজিক?" অর্থাৎ কুণালের দাবি, ২০০৯ সালে শিশির অধিকারী হলফনামায় সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন ১০ লক্ষ। কেন্দ্রের মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দফতরকে ২০১২ সালে তথ্য দিয়েছিলেন শিশির। সেখানে তাঁর সম্পত্তির পরিমাণ বলা হয় ১০ কোটি!
শুধু তাই নয়, ২০১৯ সালের ভোটের সময় জাতীয় নির্বাচন কমিশনের সম্পত্তির পরিমাণ জানাতে হয়। সেখানে জানানো হয় শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা! ১০ লক্ষ মাত্র তিন বছরের মধ্যে কীভাবে ১০ কোটি হল! আবার সেই ১০ কোটি কোন উপায়ে কমে ৩ কোটি হল? তাই নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল।
বঙ্গ রাজনীতিতে তৃণমূল বনাম অধিকারী পরিবার তরজা চলছেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত বিবাদ, বাকযুদ্ধ চলে তৃণমূলের৷ এবার শিশির অধিকারীর দিকেও আঙুল উঠল। যদিও সাংসদ শিশির অধিকারী কুণাল ঘোষের তোলা বিতর্কিত বিষয়ে কথা বলতে চাননি। কুণাল জেলে গিয়েছিলেন৷ তাই তাঁর কথার উত্তর দেবেন না তিনি৷
এই নিয়ে পালটা ভিডিও বার্তা দিয়েছেন কুণাল৷ শুভেন্দু অধিকারী দলবদল করেছিলেন জেল যাতে না হয় সেজন্য। শিশির অধিকারী অমিত শাহের সঙ্গে একমঞ্চে ছিলেন৷ দুজনে হাতও মিলিয়েছিলেন। সেই অমিত শাহ পর্যন্ত জেল খেটেছেন। কুণাল জেল খাটার পরেও একই দল তৃণমূল করছেন। জোর গলায় এই বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications