আজ উল্টো রথের দিনে মোক্ষ যোগ, মাহেশের রাস্তায় জগন্নাথ দর্শনে মানুষের ঢল
মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরলেন প্রভু জগন্নাথ। সঙ্গে বলরাম ও সুভদ্রা। মাহেশের রাস্তায় সোমবার রীতিমতো সাধারণ মানুষের ঢল নেমেছে। মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দিরে সকাল থেকেই চলেছে পুজো। দুপুর আড়াইটের পরে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে তোলা হয়।
মাসির বাড়ি আট দিন কাটিয়েছেন জগন্নাথ দেব। আজ সোমবার নবম দিনে উল্টো রথ। শ্রীধামে ফিরলেন জগন্নাথ দেব। মাহেশে জগন্নাথের আজ পূণ্যযাত্রা। সে কারণে প্রচুর মানুষ এসে হাজির হয়েছেন এখানে। যাতে কোনও রকম সমস্যা না হয়৷ সেজন্য পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তাও ছিল এ দিন।

মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে চলেছে পুজো পাঠ। এ দিন সকালে মাহেশে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি মাসির বাড়ির মন্দিরে পুজো দেন। রথযাত্রার দিন হাজির হয়েছিলেন এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
প্রচুর ভক্ত এদিন উপস্থিত হয়েছিলেন পুজো দিতে।
কথিত আছে, আজ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টান হয়। আর জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায়, তাহলে পুনর্জন্ম হয় না।
মাহেশের সেবাইতরা জানান, ৫৩ বছর পর মোক্ষ যোগ পড়েছে। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। দুপুর আড়াইটের পর সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে ওঠেন। তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা। টান পড়ে রথের দড়িতে।












Click it and Unblock the Notifications