ফের ভাইরাস হানা, ভারতে ২ কোটি ৫৩ লক্ষ কম্পিউটার আক্রান্ত, বাঁচতে জেনে নিন খুঁটিনাটি
ফের নতুন করে ভারতে ভাইরাস হামলা হয়েছে। আর এবার তার নাম ফায়ারবল। সারা পৃথিবীতে মোট ২৫ কোটির বেশি কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাস আক্রান্ত কম্পিউটার রয়েছে ভারতেই।
রনসমওয়্যার ওয়ানাক্রাই ভাইরাস হানার পরে ফের নতুন করে ভারতে ভাইরাস হামলা হয়েছে। আর এবার তার নাম ফায়ারবল। সারা পৃথিবীতে মোট ২৫ কোটির বেশি কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাস আক্রান্ত কম্পিউটার রয়েছে ভারতেই। এদেশে মোট ২.৫৩ কোটি কম্পিউটার ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। আপনার বাড়ির বা অফিসের কম্পিউটার ভাইরাসের কবলে পড়েনি তো? এই নিয়ে বিস্তারিত জেনে নিন একঝলকে।

প্রথম তথ্য
জানা গিয়েছে, এই ম্যালওয়্যার তৈরি করেছে রাফোটেক নামে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যাদের মূল কর্মকাণ্ড পরিচালিত হয় চিনের বেজিং থেকে। এই ভাইরাসে আক্রান্ত কম্পিউটার ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বা ইয়াহুর উপরে কব্জা করে তা নকল সার্চ ইঞ্জিনের সঙ্গে বদলে দেবে। ফলে সেখানে সার্চ করা সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাবে।

দ্বিতীয় তথ্য
ফায়ারবল ম্যালওয়্যারের প্রভাব সারা পৃথিবীর মধ্যে ভারতে দারুণভাবে পড়েছে। বিশেষ করে কর্পোরেট সংস্থার নেটওয়ার্কে ৪৩ শতাংশ ক্ষেত্রে এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

তৃতীয় তথ্য
সারা বিশ্বে মোট ভাইরাস আক্রান্তের মধ্যে ভারতের সংখ্যা শতাংশের বিচারে ১০.১ শতাংশ। এরপরে রয়েছে ব্রাজিল ৯.৬ শতাংশ। সংখ্যা বিচারে ভারতে ২ কোটি ৫৩ লক্ষের বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে। ব্রাজিলে ভাইরাস হানার কবলে পড়েছে ২ কোটি ৪১ লক্ষ কম্পিউটার। এরপরে রয়েছে মেক্সিকো। সেদেশে ১ কোটি ৬১ লক্ষ কম্পিউটার ভাইরাস হামলার শিকার হয়েছে।

চতুর্থ তথ্য
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সারা পৃথিবীতে মোট ২০ শতাংশ কর্পোরেট নেটওয়ার্ক এই ফায়ারবল ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। মোট ১৪টি নকল সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে যার ফলে এর প্রভাব নিয়ে আশঙ্কার প্রমাদ গুনছেন সকলে।

পঞ্চম তথ্য
ফায়ারবল আদতে বৈধ সফটওয়্যারের অংশ। প্রযুক্তির দিক থেকে দেখলে এটি অর্ধেক ম্যালওয়্যার ও অর্ধেক বৈধ সফটওয়্যার। ঘটনা হল রাফোটেক এটি ছেড়েছে বিজ্ঞাপন দিতে ও ইন্টারনেট ট্রাফিকের ফায়দা তুলতে। তবে এর প্রভাব হতে পারে ভয়ঙ্কর।

ষষ্ঠ তথ্য
এই ম্যালওয়্যার যে কোনও কোড চালাতে পারে। ইন্টারনেট ব্যবহারকারী উপরে গোপনে নজর চালাতে পারে সহজেই। ফলে বিপদ বহুগুণ বাড়তে পারে।

সপ্তম তথ্য
আপনার ইন্টারনেট সার্চ ইঞ্জিন ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তা বুঝতে ব্রাউডারের ডিফল্ট হোম পেজ খেয়াল করুন। সেখানে ব্রাউডার এক্সটেনশনে কোনও গন্ডগোল মনে হলে, অথবা আপনি তা না পাল্টাতে পারলে জানবেন, আপনার কম্পিউটারে ফায়ারবল ম্যালওয়্যারের হামলা হয়েছে।

অষ্টম তথ্য
কম্পিউটার ব্যবহারকারীরা স্ক্যান করে অ্যান্টি ম্যালওয়্যার, অ্যাডওয়্যার ক্লিনার দিয়ে কম্পিউটারকে সুরক্ষিত রাখুন। নিজের পছন্দের ব্রাউজারে গিয়ে টুল ও এক্সটেনশনগুলি নজর রাখুন। কোনওকিছু সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে তা আন-ইনস্টল করে দিন।












Click it and Unblock the Notifications