চেন্নাইয়ে ম্যাচ হারলে সিরিজ খোয়াবে ভারত, চূড়ান্ত অগ্নিপরীক্ষার সামনে ধোনি ব্রিগেড
চেন্নাই, ২১ অক্টোবর : খাতায় কলমে সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। চেন্নাইয়ে সিরিজের চতুর্থ ওয়ান ডে জিতলে শেষ ম্যাচ পর্যন্ত ভেসে থাকবে মহেন্দ্র সিং ধোনির ভারত। [দঃ আফ্রিকার সঙ্গে সিরিজের সম্পূর্ণ ট্যুর গাইড]
তবে যা পরিস্থিতি তাতে সবদিক থেকেই অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা। কারণ এখনও এই সিরিজের সঠিক ব্যাটিং লাইন-আপটাই ঠিক করতে পারেনি ধোনি ব্রিগেড।

গত ম্যাচে রান পেলেও বিরাট কোহলিকে সেভাবে সেরা ফর্মে পাওয়া যাচ্ছে না। ফর্মে নেই শিখর ধাওয়ানও। রোহিত শর্মা ফিরে যাওয়া মানে ব্যাটিং মুড়িয়ে যাওয়া। ধোনি নিজে উপরে উঠে এসে অজিঙ্ক রাহানের জায়গাটাই নড়বড়ে করে দিয়েছেন। ব্যাটিং অর্ডার ও ফর্ম দুটোই হাতড়ে বেড়াচ্ছেন সুরেশ রায়নাও।
এমন অবস্থায় বোলিং বিভাগ যে ম্যাচ উতরে দেবে দক্ষিণ আফ্রিকানদের মতো, সেই উপায়ও নেই। দলের সেরা স্পিনার অশ্বিন চোটের জন্য নেই। অমিত মিশ্র খেলবেন কিনা জানেন না। উপরি পাওয়া হিসাবে মহিলা নিগ্রহের ঘটনায় জড়িয়েছেন তিনি। পেস আক্রমণে মোহিত শর্মা বা ভুবনেশ্বর কুমার কারওরই সেই গতি নেই যা বিপক্ষ ব্যাটসম্যানদের ভয় ধরাবে।
ফলে বৃহস্পতিবার চেন্নাইয়ে সিরিজের মরণ-বাঁচন ম্যাচে কি হবে তা কেউ বলতে পারছেন না। এসবের মধ্যে একটাই সুখবর, চিপকের পিচ ব্যাটসম্যানদের বরাবরের স্বর্গরাজ্য, ধোনির প্রায় ঘরের মাঠ এটি। এছাড়া চেন্নাইয়ের গরম প্রোটিয়াদের বিপক্ষে যেতে পারে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ হেরেছে ধোনির ভারত। এবারও হারলে তীব্র সঙ্কট তৈরি হতে পারে ভারতীয় ক্রিকেটে। যা থেকে গোটা দলকে টেনে তুলতে পারেন একমাত্র অধিনায়ক ধোনি। আপাতত সেদিকেই তাঁকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications