মোহালির পরে তিনদিনেই শেষ নাগপুর টেস্টও, দঃ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল ভারত
নাগপুর, ২৭ নভেম্বর : টেস্টের পয়লা নম্বর দল উপমহাদেশে এসে ধরাশায়ী। ঘূর্ণি পিচে দিশেহারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাগপুর টেস্ট জিতে সিরিজ জিতে নিল বিরাট কোহলির ভারত। [দঃ আফ্রিকার সঙ্গে গোটা সিরিজের ট্যুর গাইড]
পিচ নিয়ে বিতর্কের মাঝে মোহালির পর নাগপুরেও টেস্ট শেষ হল তৃতীয় দিনেই। দক্ষিণ আফ্রিকাকে জেতার জন্য ৩১০ রানের টার্গেট দিয়েছিল ভারত। এই পিচে যা তাড়া করা প্রায় অসম্ভব ছিল। চা পানের বিরতিতে ১৫১/৬ অবস্থায় ধুঁকছিল প্রোটিয়ারা। বিরতির পরে খেলতে নেমে বাকী চার উইকেট তুলে নিলেন অশ্বিন একাই। এই ইনিংসে অশ্বিনের বোলিং পরিসংখ্যান ৬৬/৭। সবমিলিয়ে এই টেস্টে তিনি একাই নিলেন ১২ উইকেট।

তৃতীয় দিনের শুরুতে শেষ চেষ্টা করেছিলেন অধিনায়ক হাশিম আমলা (৩৯ রান) ও ফাফ ডু প্লেসি (৩৯ রান)। তবে দুজনকেই ফেরান অমিত মিশ্র। অন্যদিকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এবি ডেভেলিয়ার্সকে ফেরান রবিচন্দ্রণ অশ্বিন। অমিত মিশ্র ৩টি উইকেট নিয়েছেন।
এই উইকেট নিয়ে, এমনকী গোটা সিরিজেই উইকেট নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ক্রিকেট মহলে। ঘূর্ণি পিচ নিয়ে সমালোচনা উড়ে এসেছে দেশ-বিদেশের খ্যাতনামা প্রাক্তনীদের কাছ থেকে।
তবে এসবের মাঝেই বিশ্বের একনম্বর টেস্ট দলকে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। এর পরে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ খেলা হবে দিল্লিতে।












Click it and Unblock the Notifications